খুলনা | শনিবার | ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩

দু’বার এগিয়ে থেকেও চীনের কাছে হার বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক |
১২:২৯ এ.এম | ০৫ সেপ্টেম্বর ২০২৬


চীনের ইনার মঙ্গোলিয়ায় চলছে হকির ব্যস্ত সূচি। একদিকে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের প্রস্তুতিতে ঘাম ঝরাচ্ছে সিনিয়র দল, অন্যদিকে মরিন দাউর গ্রাউন্ডে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপের লড়াইয়ে নেমেছে বাংলাদেশের যুবারা। তবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক চীনের বিপক্ষে দাপট দেখিয়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।
ম্যাচের শুরু থেকেই ছিল রুদ্ধশ্বাস উত্তেজনা। খেলার ষষ্ঠ মিনিটেই পেনাল্টি কর্নার (পিসি) থেকে গোল করে স্বাগতিক চীন লিড নিলে গ্যালারিতে উৎসব শুরু হয়। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি বাংলাদেশ। প্রতি-আক্রমণে গিয়ে দুর্দান্ত এক ফিল্ড গোল করে দলকে সমতায় ফেরান দ্বীন ইসলাম। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ সমতায়। দ্বিতীয় কোয়ার্টারে আরও বিধক্ষংসী হয়ে ওঠে বাংলাদেশ। ২৬ মিনিটে মেহেদী হাসানের দৃষ্টিনন্দন এক ফিল্ড গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। ড্রেসিংরুমে যখন বাংলাদেশ লিড নিয়ে ফিরছিল, তখন মনে হচ্ছিল জয় পাওয়াটা কেবল সময়ের ব্যাপার। কিন্তু বিরতির পর থেকেই দৃশ্যপট বদলাতে শুরু করে। তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল হজম করে বাংলাদেশ। চীনের এই গোলটি ম্যাচকে ২-২ সমতায় ফিরিয়ে আনে। শেষ কোয়ার্টারে বাংলাদেশ গোলের জন্য মরিয়া হয়ে লড়লেও ৫৩ মিনিটে উল্টো আরও একটি গোল খেয়ে বসে। ম্যাচের বাকি ৭ মিনিটে আপ্রাণ চেষ্টা করেও সমতায় ফিরতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় দ্বীন ইসলাম-মেহেদীদের। এই টুর্নামেন্টে বাংলাদেশের মূল লক্ষ্য অন্তত ষষ্ঠ স্থান অর্জন করা, যা তাদের পুনরায় যুব হকি বিশ্বকাপে খেলার টিকিট এনে দেবে। প্রথম ম্যাচে হারলেও পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। আগামী পরশু পুরুষ দল শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে। গ্র“প পর্বে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে কাজাখস্তান ও পাকিস্তান। এদিকে পুরুষ দলের পাশাপাশি নারী দলও পিছিয়ে নেই। আগামীকাল অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। হকির এই মহোৎসবে এখন জয়ের খোঁজে রয়েছে লাল-সবুজের উভয় দল।

প্রিন্ট

আরও সংবাদ