খুলনা | শনিবার | ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩

ইসলামী ব্যাংকে এস আলমের শেয়ার ফ্রিজের নির্দেশ

খবর প্রতিবেদন |
০১:৩৬ এ.এম | ০৫ সেপ্টেম্বর ২০২৬


ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে এস আলম গ্র“প-সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ (অবরুদ্ধ) রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 
গত সপ্তাহে ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর (আইইআরবি) করা এক রিট আবেদনের শুনানি শেষে শুক্রবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোঃ লুৎফর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। শুক্রবার আইনজীবী শিশির মনির জানান, গত বৃহস্পতিবার আদালতের আদেশের লিখিত অনুলিপি প্রকাশিত হয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির স্পনসর শেয়ারহোল্ডার প্রতিষ্ঠান আইইআরবি তাদের রিট আবেদনে উল্লেখ করে, আইন অনুযায়ী ১০ শতাংশের বেশি শেয়ার একই গ্র“পভুক্ত বা পারিবারিকভাবে রাখা যায় না। কিন্তু এস আলম সংশ্লিষ্ট ২৪ কোম্পানি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার হিসেবে ব্যাংকটিতে যুক্ত হয়। সেখানে তাদের শেয়ার ৮১.৯২ শতাংশ। 
রিটে অভিযোগ করা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১৪ক ও ১৪খ ধারা লঙ্ঘন করে ২৪টি কোম্পানির মাধ্যমে ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার কেন্দ্রীভূত করা হয়েছে।
রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জানতে চেয়েছেন, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১৪ক(৩) অনুযায়ী আইনসীমার অতিরিক্ত শেয়ার বাজেয়াপ্ত করতে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না।
রুল জারির পাশাপাশি অন্তর্বর্তী আদেশে ওই ২৪ কোম্পানির নামে থাকা ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার তিন মাসের জন্য ফ্রিজ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৫ সালে ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার, পরিচালক ও ব্যক্তিবিশেষের সংশ্লিষ্ট ব্যাংক হিসাব ফ্রিজ রাখার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। তখন শেয়ারহোল্ডার এই পরিচালকদের আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ