খুলনা | রবিবার | ১৮ অক্টোবর ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে রাখতে বইয়ের বিকল্প নেই : শিক্ষামন্ত্রী

খবর প্রতিবেদন |
০১:৫২ এ.এম | ০৫ সেপ্টেম্বর ২০২৬


ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বই পড়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি শিক্ষার্থীদের ভালো বই পড়ায় উৎসাহিত করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহŸান জানিয়েছেন। শুক্রবার ঢাকার একটি হোটেলে বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশ আয়োজিত ‘যৌথ উদ্যোগে বইপড়া কর্মসূচির ১২ বছর’ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আজকের ভবিষ্যৎ প্রজন্মই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে। তাই তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য আগামী প্রজন্মকে ভালো বই পড়ায় উৎসাহিত করার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময় ও সৃজনশীল করে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। খেলাধুলা, সংস্কৃতি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আনন্দময় শিক্ষার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এসব উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আগামী দিনে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
বিভিন্ন প্রতিষ্ঠানের ‘কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি’ সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে উল্লেখ করে ড. মিলন বলেন, মানবিক ও সৃজনশীল মানুষ তৈরি করতে রাষ্ট্রের পাশাপাশি সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। এ সময় তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খন্দকার মোঃ আসাদুজ্জামান এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ