খুলনা | শনিবার | ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩

পানিতে ডুবে এক দিনে প্রাণ গেলো ৫ শিশুর

খবর প্রতিবেদন |
০২:০৬ এ.এম | ০৫ সেপ্টেম্বর ২০২৬


দেশের চার জেলায় পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রামের চন্দনাইশ, নেত্রকোনার মোহনগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম : জেলার চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের হাজীর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আদিবা ওই এলাকার আজিজুর রহমানের বড় মেয়ে এবং সাতবাড়িয়া বার আউলিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে মা গোসল করতে ডাকলে আদিবা পরে গোসল করবে বলে খেলতে বের হয়ে যায়। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরঘাটে গিয়ে পানিতে পড়ে যায় সে। পরে স্থানীয় এক নারী তাকে পানিতে ভাসতে দেখে চিৎকার দিলে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে উদ্ধার করেন।
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক তানজিনা সুলতানা জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
নেত্রকোণা : জেলার মোহনগঞ্জ পৌরশহরের শিয়ালজানি খালের পানিতে ডুবে পাথর দে (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পৌরশহরের মাইলোড়া এলাকায় খাল থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।
পাথর মাইলোড়া এলাকার প্রদীপ দের ছেলে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাড়ির সামনে শিয়ালজানি খালের পাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে। সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে থানায় বিষয়টি জানানো হয় এবং এলাকায় মাইকিং করা হয়। শুক্রবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে খালে পাথরের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহ : জেলার  গফরগাঁওয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে তিন বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই-বোন। নিহত দুই শিশু হলো পালইকান্দা গ্রামের মাজহারুল ইসলামের ছেলে সাফা (৩) ও নুরুল ইসলামের মেয়ে সাইফানা (৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১টার দিকে বৃষ্টির সময় শিশু দু’টি বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে পরিবারের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ : জেলার শিবগঞ্জে পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে সোহান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার উত্তর উজিরপুর এলাকার সাত্তারের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহান উজিরপুর ইউনিয়নের উত্তর খারোগ্রাম এলাকার সেলিম রেজার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয়বাসিন্দারা জানান, দুপুরে সহপাঠীদের সঙ্গে নদীতে গোসল করতে নামে সোহান। একপর্যায়ে তার হাতে থাকা প্লাস্টিকের বোতল পানিতে পড়ে গেলে সেটি ধরতে গিয়ে সে তলিয়ে যায়। স্থানীয়রা জানান, সোহান সাঁতার জানতো না। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাঁকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক অন্তর আহসান তাকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  মতিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ