খুলনা | শনিবার | ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩

বীরশ্রেষ্ঠ শহিদ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ

নড়াইল প্রতিনিধি |
০২:২০ এ.এম | ০৫ সেপ্টেম্বর ২০২৬


বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ (৫ সেপ্টেম্বর)। ১৯৭১ সালের এই দিনে ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি গ্রামে শাহাদাতবরণ করেন তিনি। পাকিস্তানি হানাদারবাহিনীকে প্রতিরোধ এবং দলীয় সঙ্গীদের জীবন, অস্ত্র ও দেশমাতৃকা রক্ষা করতে গিয়ে শত্র“পক্ষের হাতে নির্মমভাবে শহিদ হন নূর মোহাম্মদ। যশোর জেলার শার্শা উপজেলার কাশিপুর সীমান্তে তাকে সমাহিত করা হয়। 
নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্র“য়ারি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা (বর্তমানে নুর মোহাম্মদ নগর)  গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ আমানত শেখ এবং মাতার নাম জেন্নাতুন্নেছা। বাল্যকালেই বাবা-মাকে হারান তিনি। সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। নূর মোহাম্মদের কর্মময় জীবন থেকে জানা যায়, ১৯৫৯ সালের ২৪ মার্চ ২৩ বছর বয়সে তৎকালীন (ইপিআর)  পূর্ব পাকিস্তান রাইফেলসে যোগদান করেন তিনি। বর্তমানে ‘বর্ডার গার্ড অব বাংলাদেশ’ (বিজিবি) হিসেবে প্রতিষ্ঠিত। ১৯৭১ সালে যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন। 
তার জন্মভিটা মহিষখোলা গ্রামের নাম পরিবর্তন করে ২০০৮ সালের ১৮ মার্চ নূর মোহাম্মদ নগর করা হয়। মুক্তিযুদ্ধকালীন ৮নম্বর সেক্টরের কমান্ডার কর্নেল (অবঃ) আবু ওসমান চৌধুরী নূর মোহাম্মদ নগরের উদ্বোধন করেন। উন্নয়নের ছোঁয়ায় বদলে যায় নূর মোহাম্মদ নগর। তার স্মৃতিরক্ষার্থে নূর মোহাম্মদ নগরে নির্মাণ করা হয়েছে ‘বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর’, স্মৃতিস্তম্ভ এবং স্কুল ও কলেজ। এছাড়া নড়াইল শহরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম এবং নড়াইল ও যশোর শহরে সন্তানদের জন্য বাড়ি। 
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে আজ (৫ সেপ্টেম্বর) নূর মোহাম্মদ নগরে পবিত্র কোরআনখানি, র‌্যালি, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার, আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ, স্কুল পর্যায়ে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদের বীরত্বগাঁথা নিয়ে আলোচনাসভার আয়োজন করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ