খুলনা | বুধবার | ১৪ অক্টোবর ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় পরীক্ষার্থীর ছোট্ট শিশুর দায়িত্ব নিয়ে মানবিক পুলিশের পরিচয় দিলেন কনস্টেবল শিল্পী

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০২:২২ এ.এম | ০৫ সেপ্টেম্বর ২০২৬


সাতক্ষীরায় ছোট্ট শিশু সন্তানকে কোলে নিয়ে নিয়োগ পরীক্ষা দিতে এসে বিপাকে পড়া এক পরীক্ষার্থীর পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন কেন্দ্রে দায়িত্বে থাকা এক নারী পুলিশ কনস্টেবল। পরীক্ষা কেন্দ্রে শিশুটির দেখভাল করার দায়িত্ব নেওয়ায় কোনো দুশ্চিন্তা ছাড়াই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান ওই নিয়োগ প্রার্থী নারী। 
জেলা প্রশাসনের অধীন অফিস সহায়কসহ ১০টি শূন্য পদের বিপরীতে ২ হাজার ৬১৪ জন পরীক্ষার্থী শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজ ও সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নেয়। নির্ধারিত এই পরীক্ষায় অংশ নিতে সরকারি কলেজ কেন্দ্রে স্বজনহীন অবস্থায় এক নারী প্রার্থী তার ছোট শিশুকে নিয়ে এসে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরীক্ষার কেন্দ্র প্রাঙ্গণে প্রার্থীকে দুশ্চিন্তাগ্রস্ত দেখে এগিয়ে আসেন সেখানে দায়িত্বে থাকা নারী পুলিশ কনস্টেবল শিল্পী। তিনি নিজ দায়িত্বে শিশুটিকে কোলে তুলে নেন এবং স্নেহ-মমতায় তাকে আগলে রাখেন। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত শিশুটির দেখভাল করায় মা নিশ্চিন্ত মনে কক্ষে গিয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। 
পরীক্ষা কেন্দ্রে নিজের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি একজন পুলিশ সদস্যের এমন সংবেদনশীল ও মানবিক আচরণ উপস্থিত পরীক্ষার্থী ও অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে। একই সাথে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ পুলিশের একজন নারী সদস্যের এমন মানবিক ও সহমর্মিতাপূর্ণ  আচরণের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়। 
দায়িত্বের বাইরে মানবিকতার জায়গা থেকে কনস্টেবল শিল্পীর এই উদ্যোগ পুলিশ সদস্যদের জনবান্ধব ও মানবিক ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে। সাতক্ষীরা জেলা পুলিশের এই ভূমিকা জনবান্ধব পুলিশিংয়ের এক অনন্য দৃষ্টান্ত। আইন-শৃঙ্খলা রক্ষার মূল দায়িত্বের পাশাপাশি সাধারণ মানুষের দ্বারপ্রান্তে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার এই নজির পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সহমর্মিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

প্রিন্ট

আরও সংবাদ