খুলনা | রবিবার | ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩

সাজাভোগ শেষে ভারত থেকে ফিরল ৯ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু

বেনাপোল প্রতিনিধি |
০১:৫৩ এ.এম | ০৬ সেপ্টেম্বর ২০২৬


ভারতে পাচার হওয়া বাংলাদেশি ৯ নারী-পুরুষ সাজাভোগ শেষে আড়াই বছর পর দেশে ফিরেছেন। ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার সন্ধ্যা ৭টার দিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এর মধ্যে ৪ জন পুরুষ ৩ নারী ও দুইজন শিশু রয়েছে। 
ফেরত আসা নারী-পুরুষরা হলেন মুক্তা খানম, খাদিজা, আয়েশা, জাহানারা বেগম, রুকসানা, তাপস মন্ডল, আশিক মোল্লা, তন্ময় সরকার ও রামকৃষ্ণ বছাড়। তারা দেশের নড়াইল, রাজবাড়ি, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভালো কাজের আশায় দালালচক্রের খপ্পরে পড়ে ৯ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুরা আড়াই বছর আগে অবৈধভাবে বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ভারতে যায়। সেখানে তারা বিভিন্ন বাসাবাড়িতে এবং ক্ষেত খামারে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস এন্ড কেয়ার একটি মানবাধিকার সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।
যশোর জাস্টিস এন্ড কেয়ারের ফিল্ড ওয়ার্ককার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসাদের তাদের নিজস্ব শেল্টার হোমে রাখার পর তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ