খুলনা | রবিবার | ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩

সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা

খবর প্রতিবেদন |
০২:৩১ পি.এম | ০৬ সেপ্টেম্বর ২০২৬


সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রাইভেটকারের চালক ও মালিক জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে আমিনবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আমিনবাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকার একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেটকার রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ বাধে। বিষয়টি মীমাংসা করতে সেখানে যান এসবির এসআই আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুল ইসলাম।

একপর্যায়ে ১০ থেকে ১৫ জন তাদের ওপর হামলা চালায়। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন। পরে হামলাকারীরা আরও লোকজন নিয়ে এসে আলতাফ হোসেনকে মারধর করেন। এতে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।

রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা বাবা ও ছেলেকে উদ্ধার করে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

নিহত আলতাফ হোসেনের বয়স ৫৮ বছর। তিনি এসবির ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন। তার ছেলে আরিফুল ইসলামের বয়স ২৬ বছর। হামলায় তিনিও গুরুতর আহত হয়েছেন।

আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, “গাড়ি পার্কিংয়ের মতো তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই এসবির ওই এসআই হামলার শিকার হন। দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে তিনি ও তার ছেলে হামলার শিকার হয়েছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এ ঘটনায় প্রাইভেটকারের চালক ও মালিক জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যদেরও শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রিন্ট

আরও সংবাদ