খুলনা | রবিবার | ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩

ইরানে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত

খবর প্রতিবেদন |
০২:৪৮ পি.এম | ০৬ সেপ্টেম্বর ২০২৬


ইরানের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (৫ সেপ্টেম্বর) হামেদান-সানান্দাজ মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনার পর জ্বালানি ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্যাংকারটির কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

সানান্দাজ শহরের গভর্নর জানান, দুর্ঘটনার পর ট্যাংকারটিতে আগুন ধরে যায়। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতদের যে সংখ্যা এখন পর্যন্ত পাওয়া গেছে, তা প্রাথমিক তথ্যের ভিত্তিতে। উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম শেষ হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ইরানে জ্বালানি ট্যাংকার ও যাত্রীবাহী বাসের ভয়াবহ দুর্ঘটনা নতুন নয়। দুর্বল সড়ক অবকাঠামো, পুরোনো যানবাহন, অতিরিক্ত ভারী যান চলাচল এবং ট্রাফিক ব্যবস্থাপনার নানা দুর্বলতার কারণে দেশটিতে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে।

২০১৮ সালেও সানান্দাজের কাছে যাত্রী ওঠানোর জন্য থেমে থাকা একটি বাসকে একটি জ্বালানি ট্যাংকার ধাক্কা দিলে অন্তত ১৩ জন নিহত হন।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার বিশ্বের গড়ের তুলনায় প্রায় ২০ গুণ বেশি। দেশটির সড়ক অবকাঠামোর দুরবস্থা এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ২০১৭ সালের মে মাসে তেহরানভিত্তিক সংবাদপত্র ফাইন্যান্সিয়াল ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ২০ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ৮ লাখ মানুষ আহত হন।

প্রিন্ট

আরও সংবাদ