খুলনা | মঙ্গলবার | ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩

বিদেশে উচ্চশিক্ষা নিয়ে প্রতারণা কার্যকর পদক্ষেপ নিন

|
১২:২৩ এ.এম | ০৮ সেপ্টেম্বর ২০২৬


বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে প্রতারণা নিয়ে পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদনে যে চিত্র উঠে এসেছে, তা এককথায় উদ্বেগজনক। হাজারো কোমলমতি শিক্ষার্থী প্রতিবছর দেশের বাইরে পড়ালেখা করতে যান, কিন্তু তাঁদের একটি অংশ প্রতারণার শিকার হয়ে বিদেশের মাটিতে মারাত্মক বিপদে পড়ে। অনেকে আর্থিকভাবে নিঃস্ব হন। অনেকের পড়ালেখার সঙ্গে জীবন পর্যন্ত নিঃশেষ হওয়ার উপক্রম। এমন ভয়াবহ অপরাধচক্রের সঙ্গে জড়িয়ে রয়েছে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা শত শত কনসালটেন্সি ফার্ম।
প্রকাশিত খবরে একটি প্রতিষ্ঠানের প্রতারণা সম্পর্কে বলা হয়েছে, তারা যেসব শিক্ষার্থীকে দেশের বাইরে পাঠিয়েছে, এখন তাঁদের পরীক্ষার ফলাফল আটকে দেওয়া হয়েছে। কারো কারো সনদ দেওয়া হয়নি। এখন ফলাফল ও সনদ দেওয়ার কথা বলে অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে। মালয়েশিয়ায় অনেক শিক্ষার্থী রীতিমতো আতঙ্কে আছেন। অনুসন্ধানে দেখা গেছে, বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের লক্ষ্য করে বিস্তৃত পরিসরে প্রতারণার জাল বিছিয়ে রাখা হয়েছে। কনসালটেন্সি ফার্মগুলোর চটকদার বিজ্ঞাপন ও ভুয়া প্রতিশ্র“তির আড়ালে গত দুই দশকে প্রতারিত হয়েছেন হাজারো শিক্ষার্থী। বর্তমানে রাজধানীর ফার্মগেট, মতিঝিল, উত্তরা ও গুলশানের মতো এলাকায় ৩৫০টির বেশি এমন প্রতিষ্ঠান সক্রিয় রয়েছে, সারা দেশে যার সংখ্যা দুই সহস্রাধিক। দেশের বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর দেওয়া তথ্য মতে, ২০১০ থেকে ১০ বছরে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে প্রায় সাত হাজার শিক্ষার্থী ভিসা কনসালটেন্সি ফার্মগুলোর মাধ্যমে প্রতারিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন জানিয়েছে, ২০২৪ সালে বিশ্বজুড়ে এ ধরনের প্রতারণায় গ্রাহকদের ক্ষতি হয়েছে প্রায় সাড়ে ১২ বিলিয়ন ডলার।
জানা গেছে, দেশে এ ধরনের কনসালটেন্সি ফার্ম নিয়ে কোনো নীতিমালা নেই। এসব প্রতিষ্ঠানের অপরাধের শাস্তিমূলক ব্যবস্থাও নেই। এই সুযোগে একটি মহল যত্রতত্র কনসালটেন্সি ফার্ম খুলে বসেছে। শুধু সিটি করপোরেশন থেকে একটি ট্রেড লাইসেন্স বা কম্পানি প্রতিষ্ঠা করেই প্রতিষ্ঠানগুলো কর্মকাণ্ড পরিচালনা করছে।
এদিকে বিদেশে পড়ালেখার আড়ালে প্রতারণা বন্ধে আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর। তিনি জানান, বিদেশে কোনো শিক্ষার্থী বা কর্মী প্রতারিত হলে বা এ ধরনের কোনো অভিযোগ নজরে এলে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
পৃথিবী এখন অনেকটা ছোট হয়ে এসেছে। বিদেশে পড়াশোনা করতে যাওয়া এখন আর বিলাসিতা নয়, অনেকের কাছে অপরিহার্য। এই খাত প্রতারকমুক্ত রাখতে সুষ্ঠু নীতিমালা জরুরি। একই সঙ্গে অপরাধচক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

প্রিন্ট

আরও সংবাদ