খুলনা | মঙ্গলবার | ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে একজনকে কুপিয়ে হত্যা, আহত ৬

নিজস্ব প্রতিবেদক |
০৫:০২ পি.এম | ০৮ সেপ্টেম্বর ২০২৬

 

নড়াইলের লোহাগড়ায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মিসকান সরদার (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ অন্তত আরও ছয়জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিসকান মাটিয়াডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় স‚ত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মাটিয়াডাঙ্গা গ্রামের আজমল মুন্সি ও ইউপি সদস্য কামাল গ্রুপের সঙ্গে সাবেক ইউপি সদস্য শহিদুল মোল্যা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার রাতেও উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে মাটিয়াডাঙ্গা মাদ্রাসা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে দু’পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আজমল মুন্সি সমর্থিত মিসকান, সারফিনা বেগম, সালাম, খাজা, সিয়ামিনসহ অপর পক্ষের দুজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত সারফিনা বেগমের মাথায় ২৫টি সেলাই লেগেছে বলে জানা গেছে।

এদিকে ধারালো অস্ত্রের আঘাতে আশঙ্কাজনক অবস্থায় মিসকানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকায় নেওয়ার পথে দুপুরে মাদারীপুরের পাঁচচর এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।
   
নড়াইল জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ