খুলনা | মঙ্গলবার | ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরায় মাদকসহ গ্রেপ্তার দুই পুলিশ কনস্টেবলের নামে মামলা, কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০৫:৪৫ পি.এম | ০৮ সেপ্টেম্বর ২০২৬


সাতক্ষীরায় ৫৬ বোতল ভারতীয় কোরেক্স সিরাপসহ আটক দুই পুলিশ কনস্টেবলের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার এসআই মো. সরোয়ার হোসেন বাদী হয়ে সোমবার রাতে সাতক্ষীরা সদর থানায় মামলাটি দায়ের করেন। এরআগে সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সাতক্ষীরা শহর বাইপাস সড়ক এলাকা থেকে  কোরেক্স  সিরাপ সহ তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুই পুলিশ সদস্য হলেন, কনস্টেবল  মো. মোস্তাইন বিল্লাহ এবং কনস্টেবল মো.  নাজমুল ইসলাম মৃধা। মোস্তাইন বিল্লাহ সাতক্ষীরা পুলিশের এসএফ শাখায় কর্মরত ছিলেন এবং নাজমুল ইসলাম মৃধা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ কনস্টেবল মো. মোস্তাইন বিল্লাহ (৩০) খুলনা জেলার তেরখাদা উপজেলার পানতিতা গ্রামের অহিদ মোল্লার ছেলে ও মো. নাজমুল ইসলাম মৃধা (২৮) মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ভাতুয়াডাঙা গ্রামের আব্দুল ওয়াদুদ মৃধার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, কনস্টেবল মোস্তাইন বিল্লাহ ও কনস্টেবল নাজমুল ইসলাম দীর্ঘ দিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একদল অভিযান চালিয়ে সাতক্ষীরা শহর বাইপাস সড়কের বকচরা মোড়ের পাশে আসাদুলের চায়ের দোকানের সামনে থেকে একটি ওয়ানটেষ্ট এ্যাপাচি মোটর সাইকেল ও ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ তাদের দুজনকে আটক করে। এরমধ্যে দুই বোতল সিরাপ মোস্তাইন বিল­াহর জ্যাকেটের পকেটে ও ৫৪ বোতল মোটর সাইকেলের হুকে ঝোলানে একটি প্লাস্টিকের ব্যাগে ছিল।

পুলিশের একটি সূত্রের দাবি, মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের সার্কিট হাউস মোড় এলাকার একটি দোকানে বসে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি পুলিশের গোয়েন্দা প্রতিবেদনে মোস্তাইন বিল্লাহর বিরুদ্ধে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদক সংগ্রহ করে তা বিক্রির অভিযোগের কথা উঠে আসে। সার্কিট হাউস মোড় থেকে কাঁচাবাজার পার হয়ে বাইপাস সড়কের পাশে একটি চা ও ক্যারাম খেলার দোকানে বসে মোস্তাইন বিল্লাহ ইয়াবা, কোরেক্স ও গাঁজা বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। এ কাজে দোকানের মালিক তাইফুর তাকে সহযোগিতা করতেন বলেও প্রতিবেদনে উলে­খ করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক সরোয়ার হোসেন বাদি হয়ে মোস্তাইন বিল্লাহ ও নাজুলের নাম উলে­খ করে সোমবার রাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার ধারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১৬(১) সারণির ১৪(গ)/৪১ তারিখ ০৭ সেপ্টেম্বর ২০২৬। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওই  পুলিশ কর্মকর্তা 

প্রিন্ট

আরও সংবাদ