খুলনা | বুধবার | ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে শ্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি |
০২:১০ এ.এম | ০৯ সেপ্টেম্বর ২০২৬


গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল এ্যান্ড পার্টি সেন্টারের স্বত্বাধিকারী হাফিজুর রহমানকে (পিয়াল) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ হাফিজুর রহমানকে গ্রেফতার করে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বাবা খালিদ হোসেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কোষাধ্যক্ষ এবং উপজেলার বর্নি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে আগে করা একটি মামলায় হাফিজুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার এফএনএফ কনভেনশন হল এ্যান্ড পার্টি সেন্টারের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্টের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন মাইনুল আহসান নোবেল। অনুষ্ঠান শুরু হয় সোমবার সন্ধ্যার দিকে। একপর্যায়ে দর্শকসারি থেকে শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়া শুরু হয়। এ সময় আয়োজকেরা তাঁদের থামানোর চেষ্টা করেন। মঞ্চ থেকেও ঘোষণা দেওয়া হয় এটি কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়, তবে স্লোগান বন্ধ হয়নি। পরে সোয়া ৯টায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
পুলিশের অনুমতি না নিয়ে কনসার্টের আয়োজন করা হয়েছে। সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। নিষিদ্ধ সংগঠনের কর্মী-সমর্থকেরা সেখানে একত্র হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসব কারণে হাফিজুর রহমানকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হবীবুল্লাহ বলেন, পুলিশের অনুমতি না নিয়ে কনসার্টের আয়োজন করা হয়েছে। সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। নিষিদ্ধ সংগঠনের কর্মী-সমর্থকেরা সেখানে একত্র হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসব কারণে হাফিজুর রহমানকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বাদী ও এজাহার সম্পর্কে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, ‘মামলা তো আমরা বলি না, যেভাবে আমরা চালান দেই, সেভাবেই দিয়েছি।’
তবে গোপালগঞ্জ সদর থানা সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে আগে করা একটি মামলায় হাফিজুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ