খুলনা | বৃহস্পতিবার | ১০ সেপ্টেম্বর ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩

দেবহাটা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৫৬ পি.এম | ০৯ সেপ্টেম্বর ২০২৬


সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা মঙ্গলবার সকাল ১০টায় পারুলয়া ট্রেড স্কুলে অনুষ্ঠিত হয়। বেসরকারি উনয়ন সংস্থা ‘উত্তরণ’ ও দেবহাটা উপজেলা পানি কমিটির যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
দেবহাটা উপজেলা পানি কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল ফজলের সভাপতিত্বে ও কমিটির সম্পাদক প্রফেসর রাজু আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উত্তরণ সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওয়ারেছীন কবির, উত্তরণের প্রকল্প কর্মকর্তা দিলীপ কুমার সানা, সাবেক প্রধান শিক্ষক আফছার আলী, উত্তরণের শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম, লিটন ঘোষ বাপি, প্রকল্প মাঠ সংগঠক গোলাম হোসেন প্রমুখ।
সভায় বক্তারা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা দ্রুত সচল করার ওপর জোর দেন। প্রাকৃতিক প্রবাহ স্বাভাবিক রাখতে নদীর পাশাপাশি এলাকাভিত্তিক জলাধার ও ড্রেনেজ ব্যবস্থা জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানান তারা।
পানির মূল আধার হিসেবে সরকারি খাল পুনঃখননের ওপর গুরুত্ব আরোপ করে বক্তারা বলেন, সঠিক পরিকল্পনা মেনে সরকারি খালগুলো খনন করা হলে এলাকার পানির সংকট অনেকটাই দূর হবে। সভায় জলাবদ্ধতা দূরীকরণে প্রাকৃতিক ও কারিগরি সমাধান হিসেবে ‘টিআরএম’ (জোয়ার-ভাটা নদী ব্যবস্থাপনা) অবিলম্বে চালু করার জোর দাবি জানানো হয়। 
বক্তারা অরো বলেন, সাতক্ষীরা অঞ্চলে জলাবদ্ধতার স্থায়ী নিরসন কেবল নদী বা খাল খনন করে সম্ভব নয়, কারণ পলি জমে তা আবার ভরাট হয়ে যাবে। এজন্য টিআরএম চালুর মাধ্যমে নদীর জোয়ারের পলিযুক্ত পানি পরিকল্পিতভাবে নির্দিষ্ট বিলে প্রবেশ করিয়ে পলি জমানো এবং ভাটার টানে নদী-খালের নাব্য সচল রাখাই একমাত্র প্রাকৃতিক ও টেকসই পথ। অবিলম্বে দেবহাটার নদী ও খালের সাথে টিআরএম সংযোগ না করলে প্রতি বছরই বিস্তৃত এলাকার কৃষি জমি ও লোকালয় পানির নিচে তলিয়ে থাকবে। সভা থেকে দেবহাটা অঞ্চলের পানির সমস্যা সমাধানে টিআরএম বাস্তবায়ন ও সরকারি খাল পুনঃখননে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। সভায় স্থানীয় পানি কমিটির সদস্য, জনপ্রতিনিধি ও উন্নয়ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ