খুলনা | বৃহস্পতিবার | ১০ সেপ্টেম্বর ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরায় মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৫৬ পি.এম | ০৯ সেপ্টেম্বর ২০২৬


জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা মহিলা দলের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয়তাবাদী মহিলা দলকে তৃণমূল পর্যায় থেকে আরও সুসংগঠিত করতে হবে। সব বাধা বিপত্তি মোকাবিলা করে জাতীয়তাবাদী শক্তি শক্তিতে পরিণত হয়ে আগামী দিনের যেকোনো রাজনৈতিক লড়াইয়ে মহিলা দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ উন্নয়ন, উৎপাদন এবং একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা ব্যক্ত করছি। ইতোমধ্যেই সাতক্ষীরার উন্নয়নে বেশ কিছু কাজ শুরু হয়েছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে। এছাড়া সাতক্ষীরার মাটিতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত প্রয়োজন, যা বাস্তবায়নে আমাদের জোরালো দাবি অব্যাহত রাখব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক রহমাতুল্লাহ পলাশ, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এবং জেলা বিএনপি’র সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শিলা ও সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া। আলোচনা সভা শেষে শহরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে এসে শেষ হয়। এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নারী নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

 

প্রিন্ট

আরও সংবাদ