খুলনা | শুক্রবার | ১১ সেপ্টেম্বর ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩

খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি |
১২:২৭ এ.এম | ১১ সেপ্টেম্বর ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নারী শিক্ষার প্রসার প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার। আমরাও খুলনায় নারী শিক্ষাকে এমন উচ্চতায় নিয়ে যেতে চাই যাতে আমাদের মেয়েরা স্বাবলম্বী হয়ে নিজেদেরকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে পারেন। কেসিসি পরিচালিত স্কুল ও মাদ্রাসায় এ বিষয়ে লক্ষ্য রেখে আন্তরিকতার সাথে পাঠদানের জন্য তিনি শিক্ষকদের প্রতি আহবান জানান। 
গতকাল বৃহস্পতিবার সকালে কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণের গৌরব অর্জন করায় স্কুলের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের পাঠদান ও ভালো ফলাফল অর্জনকে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল বিষয় হিসেবে উল্লেখ করে প্রশাসক আরো বলেন, শতভাগ উত্তীর্ণ হওয়া একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনেক বড় সাফল্য। স্কুলের এ সাফল্য এ অঞ্চলে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে। এ সফলতার জন্য তিনি শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং শিক্ষক ও অভিভাবকদের মধ্যে যোগাযোগ রক্ষার্থে নিয়মিত সভা আহবানের উপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নিজেদের প্রতিষ্ঠিত করে দেশের কল্যাণে নিবেদিত থেকে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহŸান জানান। অনুষ্ঠানে প্রশাসক প্রত্যেক শনিবার নিজেদের উদ্যোগে স্কুল ক্যাম্পাস পরিচ্ছন্ন করার জন্যও স্কুল কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। 
স্কুলের অধ্যক্ষ মোঃ শহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। অন্যান্যের মধ্যে কেসিসি’র শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা মোঃ আব্দুস সালাম ফারাজী, স্থানীয় সমাজসেবক নিজাম উর রহমান লালু, এইচ এম আবু সালেক, কাজী শফিকুল ইসলাম, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুর রহমান রিপন, কেসিসি’র সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামানসহ স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশাসক সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুল তুলে দেন।

প্রিন্ট

আরও সংবাদ