খুলনা | শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২৮ ভাদ্র ১৪৩৩

সততা ও জবাবদিহির মাধ্যমে খুলনার ক্রীড়াঙ্গণ পরিচালনার অঙ্গীকার সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদের

ক্রীড়া প্রতিবেদক |
০১:১৩ এ.এম | ১১ সেপ্টেম্বর ২০২৬


‘সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদ’ মনোনীত ‘রেজভী-ফয়েজ-মামুন-জাহাঙ্গীর-পিলু-আবুল’ প্যানেল সংবাদ সম্মেলন করে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে। সংবাদ সম্মেলনে সততা ও জবাবদিহির মাধ্যমে খুলনার ক্রীড়াঙ্গণ পরিচালনার অঙ্গীকার করা হয়।
প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও খুলনা বিভাগীয় নারী ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ ইমতিয়াজ হোসেন পিলু বলেন, খুলনার ক্রীড়াঙ্গণের ঐতিহ্য ফিরিয়ে আনা, মাঠের সংকট ও অব্যবস্থাপনা দূর করা এবং সাধারণ ক্লাবগুলোর অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষেই ১২ জনের এই প্যানেল গঠন করা হয়েছে।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের ক্লাবভিত্তিক লবি ও প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে খুলনার ক্রীড়াঙ্গণ স্থবির হয়ে পড়েছে। নিয়মিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ না হওয়ায় নতুন খেলোয়াড় উঠে আসছে না।
তাঁর দাবি, সর্বশেষ ২০২১ সালে প্রথম বিভাগ ক্রিকেট লিগ অনুষ্ঠিত হয়েছে। এরপর আর তা হয়নি। এ ছাড়া ভোটারদের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং স্বল্পসংখ্যক ক্লাবের হাতে ভোট নিয়ন্ত্রণের বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
‘সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদ’ (রেজভী-ফয়েজ-মামুন-জাহাঙ্গীর-পিলু-আবুল) প্যানেলে সাধারণ সম্পাদক পদে ইমতিয়াজ হোসেন পিলু, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে মোঃ আবুল হোসেন আবুল, যুগ্ম সম্পাদক পদে মোঃ খাইরুল আহসান (মানিক) এবং কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আলী প্রতিদ্ব›িদ্বতা করছেন। সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ হাসান মেহেদী রেজভী, মজিবর রহমান ফয়েজ, শরীফ মোঃ বদরুজ্জামান (মামুন) ও শেখ জাহাঙ্গীর হোসেন। নির্বাহী সদস্য পদে রয়েছেন মিলজার হোসেন, এস এম আজাদ হোসেন জুয়েল, মোঃ জোবায়ের ইসলাম ও মনিরুজ্জামান মহাসীন।
সংবাদ সম্মেলন থেকে নির্বাচন কমিশনের কাছে ভোটাররা যাতে স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি ভোটকেন্দ্রের বুথের ভেতরে কোনো প্রার্থী যাতে প্রবেশ করতে না পারেন, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
উল্লেখ্য, নির্বাচনে ২২২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুলনা জেলা স্টেডিয়ামে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
 

প্রিন্ট

আরও সংবাদ