খুলনা | মঙ্গলবার | ২২ সেপ্টেম্বর ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩

বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ

ফুলতলা এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার আতিকের ঘুষের কল রেকর্ড ফাঁস

ফুলতলা প্রতিনিধি |
০১:৫২ এ.এম | ১১ সেপ্টেম্বর ২০২৬


ফুলতলা উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) কার্যালয়ের সার্ভেয়ার আতিকুর রহমানের বিরুদ্ধে অর্পিত সম্পত্তির তালিকা থেকে অবমুক্তির প্রতিবেদন দেওয়ার বিনিময়ে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। ঘুষের টাকা লেনদেন সংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রশাসনে ফাঁসের পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চ মাসে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে অর্পিত সম্পত্তির তালিকা থেকে অবমুক্তি সংক্রান্ত কেস নম্বর-৭৩/২০২৫-২৬-এর সরেজমিন তদন্ত, স্কেচম্যাপ ও মতামতসহ প্রতিবেদন দাখিলের দায়িত্ব দেওয়া হয় ফুলতলা উপজেলা ভ‚মি অফিসকে। ঘটনাটি ফুলতলার উত্তরডিহির বাসিন্দা ইদ্রিস ফারাজীর ৬৭ শতক জমির সঙ্গে সংশ্লিষ্ট। ইদ্রিস ফারাজীর অভিযোগ, সার্ভেয়ার আতিকুর রহমান সরজমিন তদন্ত শেষে প্রয়োজনীয় প্রতিবেদন দ্রুত দাখিলের জন্য তাঁর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। অগ্রিম হিসেবে ১৪ হাজার ৫০০ টাকা গ্রহণ করলেও দীর্ঘ ৫ মাস ধরে কাজটি ঝুলিয়ে রাখা হয় এবং পরবর্তীতে আরও টাকা দাবি করা হয়। এক পর্যায়ে ইদ্রিস ফারাজীর ভাগ্নে সার্ভেয়ার আতিকের টাকা নিয়ে দরকষাকষির পুরো কথোপকথনটি ফোনে রেকর্ড করে নেন।
ভুক্তভোগী ইদ্রিস ফারাজী বলেন, “অসহায় হয়ে আতিককে অগ্রিম টাকা দিয়েছিলাম, কিন্তু দিন দিন তাঁর দাবির পরিমাণ বাড়তেই থাকে। দীর্ঘ ৫ মাস ঘুরিয়েও কাজ না হওয়ায় বাধ্য হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি।” গত ৯ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় কমিশনার, খুলনা জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং ভ‚মি মন্ত্রীর নিকট লিখিত অভিযোগ ও অডিও রেকর্ডের কপি জমা দেওয়া হয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, রূপসা উপজেলা ভ‚মি অফিসে দায়িত্ব পালনকালেও সার্ভেয়ার আতিকুর রহমানের বিরুদ্ধে ঘুষের অডিও রেকর্ড ফাঁসসহ সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। তবে বদলি হয়ে ফুলতলায় এসেও সতর্কতার সাথে ঘুষ বাণিজ্য অব্যাহত রেখেছেন বলে সেবাগ্রহীতারা দাবি করেন। 
অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে মুঠোফোনে সার্ভেয়ার আতিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি এবং বলেন, “যা বলার অফিসে এসে বলেন।” এদিকে স্থানীয় সেবাগ্রহীতারা এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক উক্ত সার্ভেয়ারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

প্রিন্ট

আরও সংবাদ