খুলনা | শুক্রবার | ১১ সেপ্টেম্বর ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩

অবৈধ উচ্ছেদ অভিযানে পৌর কর্তৃপক্ষ

সাতক্ষীরায় গুঁড়িয়ে দেয়া হলো একটি পাকা ভবন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:৫২ এ.এম | ১১ সেপ্টেম্বর ২০২৬


সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। পৌরসভার জমি দখল করে থাকা দীর্ঘদিনের অবৈধ স্থাপনা অপসারণ শুরু করেছে পৌর প্রশাসন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের সহায়তায় শহরের দিবা-নৈশ কলেজের সামনের একটি বহুতল অবৈধ স্থাপনা স্কেভেটর দিয়ে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বিকেল ৩টা থেকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (জে এম রেভিনিউ, ভিপি ও জুডিশিয়াল মুন্সিখানা শাখা) সাইফুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, সার্ভেয়ার মামুন রশিদ, কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস আলী এবং কর আদায়কারী শফিকুল রহমান পিন্টুসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা। 
এসময় পৌর কর্তৃপক্ষ স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছেন পৌরসভার জায়গা দখলকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পর্যায়ক্রমে পৌরসভার ভিতরে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। 
উচ্ছেদ অভিযান প্রসঙ্গে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (প্রশিক্ষণরত) মোঃ শাহেদ হোসেন বলেন, সাতক্ষীরা পৌরসভার রাস্তা স¤প্রসারণের কাজ চলছে। এখানে একটি অবৈধ স্থাপনা থাকার কারণে দীর্ঘদিন ধরে রাস্তার কাজ ব্যাহত হচ্ছিল। নিয়মানুযায়ী নোটিশ ও মালামাল সরিয়ে নেওয়ার জন্য পূর্বে সময় দেওয়া সত্তে¡ও তারা স্থাপনা সরিয়ে নেয়নি। আজ অভিযানে এসেও মালামাল সরানোর জন্য অতিরিক্ত এক ঘণ্টা সময় দেওয়া হয়। মালামাল নিরাপদে সরিয়ে নেওয়ার পরপরই সফলভাবে উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এছাড়া ইট-রডসহ ভবনের অন্যান্য অবশিষ্টাংশ সরিয়ে নিতে এক ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে স্কেভেটর ও পৌরসভার কর্মীদের সহায়তায় এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পৌরসভার জায়গা দখল করে যারা ব্যবসা বা স্থাপনা গড়ে তুলেছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।তিনি আরও জানান, পৌর এলাকা দখলমুক্ত করার এই ধারা অব্যাহত থাকবে। আজ শুক্রবার সাতক্ষীরা সদর থানা মসজিদের সামনে পৌরসভার রাস্তা দখল করে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা কাপড়ের দোকানগুলোতেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। 
 

প্রিন্ট

আরও সংবাদ