খুলনা | শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২৮ ভাদ্র ১৪৩৩

পাইকগাছায় ওএমএস কার্যক্রম বন্ধ

কম দামে চাল কেনার সুবিধা থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ

পাইকগাছা প্রতিনিধি |
১১:৩৭ পি.এম | ১১ সেপ্টেম্বর ২০২৬


পাইকগাছা উপজেলায় বর্তমানে ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রম বন্ধ রয়েছে। তবে জেলা ও সিটি করপোরেশন এলাকায় এ কার্যক্রম চালু রয়েছে বলে জানা গেছে। সরকারি নির্ধারিত মূল্যে চাল বিক্রির এ সেবা বন্ধ থাকায় উপজেলার নিম্নআয়ের মানুষ স্বল্পমূল্যে চাল কেনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তবে পাইকগাছা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান ওএমএস কার্যক্রম বন্ধ থাকার কারণ জানা নেই বলে জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওএমএস কার্যক্রমের আওতায় সাধারণত খোলা বাজারে নির্ধারিত মূল্যে নিম্নআয়ের মানুষের কাছে চাল বিক্রি করা হয়। বর্তমান বাজারদরের তুলনায় কম দামে চাল পাওয়ায় কর্মসূচিটি সুবিধাবঞ্চিত মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্থানীয় বাসিন্দারা জানান পাইকগাছায় ওএমএস কার্যক্রম চালু থাকলে এ অঞ্চলের অসচ্ছল পরিবারগুলো কম দামে চাল কেনার সুযোগ পেত। তাই জনস্বার্থে কর্মসূচিটি দ্রুত পুনরায় চালুর দাবি জানিয়েছেন তারা। উপকূলীয় উপজেলা হওয়ায় পাইকগাছার অধিকাংশ মানুষ কৃষি, মৎস্য ও দিনমজুরির ওপর নির্ভরশীল। স্থানীয়দের মতে, খেটে খাওয়া এসব মানুষের জন্য এ ধরনের সরকারি খাদ্য সহায়তা কার্যক্রম নিয়মিত চালু রাখা প্রয়োজন।
এদিকে পাইকগাছায় ওএমএস কার্যক্রম বন্ধ থাকার বিষয়ে জেলা খাদ্য বিভাগের সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত বা কারণ সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। কর্মসূচিটি পুনরায় চালুর বিষয়ে এখন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় এলাকাবাসী।

প্রিন্ট

আরও সংবাদ