খুলনা | শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২৮ ভাদ্র ১৪৩৩

ধর্ষণের ভিডিও প্রকাশ, ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

খবর প্রতিবেদন |
০১:০০ এ.এম | ১২ সেপ্টেম্বর ২০২৬


চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক কিশোরীকে (১৩) ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।  শুক্রবার দুপুরে উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের লেজাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ওই অভিযুক্তের নাম মোবারক হোসেন সরদার (৫২)। এলাকায় তার চা-বিস্কুট, রুটির দোকান আছে। মোবারকের পাঁচ ছেলে মেয়ে। ভুক্তভোগী কিশোরী তার আত্মীয়ের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে মোবারক কৌশলে ওই কিশোরীকে ডেকে তার বসতঘরে নিয়ে যায়। ওই সময় ঘরে তার পরিবারের কেউ ছিলেন না। এ সুযোগে তিনি কিশোরীকে ধর্ষণ করেন এবং ওই ঘটনা নিজের মোবাইলে ভিডিও ধারণ করে রাখেন। ঘটনাটি কাউকে না জানাতে ওই কিশোরীকে হুমকি দেন। পরে তিন-চার দিন আগে মোবারক ওই ভিডিও ছড়িয়ে দেয়। এতে ঘটনাটি জানাজানি হয়। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে কিশোরীর বাড়িতে সালিশ বসে। সেখানে মোবারক উপস্থিত না হলেও তার পক্ষের কয়েকজন হাজির হন। কোনো সিদ্ধান্ত ছাড়াই সালিশ শেষ হয়।  
শুক্রবার  সকাল ১০টায় মোবারক ওই কিশোরী ও তার পরিবারকে হুমকি দেন। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে মোবারককে পিটুনি দিয়ে থানায় খবর দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 
ভুক্তভোগী কিশোরীর বাবা অভিযোগ করেন, তার মেয়ের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি মোবারকের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ নঈমুল ইসলাম রাজিব বলেন, আহত মোবারকের মাথায় ও শরীরে জখম রয়েছে, চিকিৎসা দেওয়া হচ্ছে। 
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি)  হাফিজুর রহমান মানিক বলেন, শুক্রবার দুপুরে মোবারককে এলাকা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন।

প্রিন্ট

আরও সংবাদ