খুলনা | শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২৮ ভাদ্র ১৪৩৩

স্ত্রীকে মৃত ঘোষণা করতেই হাসপাতাল থেকে পালান স্বামী, আটক করে পুলিশে দিলো স্থানীয়রা

খবর প্রতিবেদন |
০১:০২ এ.এম | ১২ সেপ্টেম্বর ২০২৬


গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে মোরসেলিম আকাশ (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে স্ত্রী শাহিনা বেগমকে (২২) হত্যার অভিযোগে তাঁকে আটক করে পুলিশে দেন স্থানীয় লোকজন।
শুক্রবার মোরসেলিমের বিরুদ্ধে হত্যা মামলা করেন শাহিনার মা রহিমা বেগম। মামলার এজাহারে মোরসেলিমের নাম উলে­খের পাশাপাশি দুই থেকে তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গ্রেফতার মোরসেলিম পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মাজহারুল ইসলামের ছেলে। তাঁর স্ত্রী শাহিনা সাদুল­াপুর উপজেলার ইদিলপুর গ্রামের মৃত শাহাজাদা মিয়ার মেয়ে। তিনি পলাশবাড়ী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে একটি প্রাইভেট কারে করে মুমূর্ষু অবস্থায় শাহিনাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন মোরসেলিম। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন। এরপরই বেপরোয়া গতিতে প্রাইভেট কার চালিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে যান মোরসেলিম। এলাকায় গেলে স্থানীয় লোকজন তাঁকে আটক করে থানায় খবর দেন। রাতেই তাঁকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পাশাপাশি ময়নাতদন্তের জন্য শাহিনার মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স চালক হৃদয় মন্ডল জানান, চিকিৎসক ওই নারীকে মৃত বলার সঙ্গে সঙ্গে মোরসেলিমের গতিবিধি নিয়ে উপস্থিত সবার সন্দেহ হয়। তিনি প্রাইভেট কার নিয়ে দ্রুত পালিয়ে যান। হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্যরা তাঁকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
শাহিনার মা রহিমা বেগম বলেন, ‘মোরসেলিম আমার মেয়ে শাহিনাকে হত্যা করে মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে আসে। সে একজন মাদকাসক্ত। বিয়ের পর থেকে তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়ই আমার মেয়েকে মারধর করত। গতকালও শাহিনাকে মারধর করা হয় বলে জানতে পারি। আমি এই হত্যার বিচার চাই।’
ঘটনার পর থেকে অভিযুক্ত মোরসেলিমের পরিবারের লোকজন আত্মগোপন করায় অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

প্রিন্ট

আরও সংবাদ