খুলনা | সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৪৮ পি.এম | ১২ সেপ্টেম্বর ২০২৬


সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার আয়োজনে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এবং মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা  হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুল হক, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত প্রমুখ। 
প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হলে আমাদের প্রত্যেককে নিজ নিজ বাড়ি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, টায়ার, ডাবের খোসা কিংবা যেসব স্থানে বৃষ্টির পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিস্কার করতে হবে।
তিনি আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি মশার প্রজননস্থল শনাক্ত করে তা ধ্বংসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।উদ্বোধনী আলোচনা সভা শেষে শহরে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে রেড ক্রিসেন্ট, বিএনসিসি ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে শহরের ড্রেন ও ড্রেনেজ ব্যবস্থা পরিস্কারের কাজ প্রত্যক্ষ করেন। এছাড়া পথচারী, সাধারণ নাগরিক এবং যানবাহন চালকদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ