খুলনা | সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩

হরমুজ প্রণালিতে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ১

খবর প্রতিবেদন |
০২:৪১ পি.এম | ১৩ সেপ্টেম্বর ২০২৬

 

ইরানের হেনগাম দ্বীপ ও কেশম দ্বীপের শিব দেরাজ উপকূলের কাছে এক ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। এতে একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

কেশমের গভর্নর হোসেইন আমির তেইমুরি জানিয়েছেন, হরমুজ প্রণালিতে এক ইরানি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত এবং তিনজন আহত হন। আমির তেইমুরি ঘটনাটিকে ‘মার্কিন সন্ত্রাসী শত্রুর’ হামলা হিসেবে বর্ণনা করেছে।

গুরুত্বপূর্ণ এই জলপথে এটি সর্বশেষ প্রাণঘাতী ঘটনা। হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের সঙ্গে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে।

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা মার্কিন নৌযানগুলোকে হরমুজ প্রণালির কাছে না আসার হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলে করা দাবিকে চ্যালেঞ্জ করেছেন।

ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘হরমুজ প্রণালি যদি আমেরিকার নিয়ন্ত্রণে থাকে, তাহলে এগিয়ে আসুন। আপনাদের একটি যুদ্ধজাহাজ ১০০ কিলোমিটারের মধ্যে নিয়ে আসুন।’ আইআরজিসি নৌবাহিনীর ওই উপ-রাজনৈতিক কমান্ডার আরও বলেন, মার্কিন বাহিনী জানে যে, তাদের কোনো নৌযান ওই এলাকার দিকে এগিয়ে এলে ইরানি বাহিনী তার জবাব দেবে। সাম্প্রতিক দিনগুলোতেও এ ধরনের ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

অন্যদিকে, সৌদি আরবকে ঘিরে উত্তেজনা বাড়ার মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান ‘সৌদি আরবের সঙ্গে যুদ্ধে নেই।’ সৌদি আরবকে লক্ষ্য করে হুতিদের হামলার পর অঞ্চলটিতে উত্তেজনা বাড়ছে। তবে পেজেশকিয়ান বলেছেন, হুতিদের ‘নিজস্ব কিছু সমস্যা’ রয়েছে। এর মাধ্যমে তিনি গোষ্ঠীটির কর্মকাণ্ড থেকে ইরানকে দূরে রাখার অবস্থান নিয়েছেন।

প্রিন্ট

আরও সংবাদ