খুলনা | মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩

হামের উপসর্গে দেশে আরও ৩ মৃত্যু, মোট ১০২২

খবর প্রতিবেদন |
০৫:২৫ পি.এম | ১৩ সেপ্টেম্বর ২০২৬

 

দেশে হামের প্রাদুর্ভাবে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৯২২ জন মারা গেছে আর হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৯০৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জনের শরীরে।

একই সময়ে ৬৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে ২০ হাজার ৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪১৫ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরে রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৫৭ জন। এ ছাড়া রাজশাহীতে ৯৩, চট্টগ্রামে ৭০, ময়মনসিংহে ৭৭, বরিশালে ৫৭, খুলনায় ৩৯ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

প্রিন্ট

আরও সংবাদ