খুলনা | রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩

গোপালগঞ্জে স্ত্রীর লাশ ঘরে রেখে পালালেন স্বামী

খবর প্রতিবেদন |
০৬:১৩ পি.এম | ১৩ সেপ্টেম্বর ২০২৬


গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর সঙ্গে দাম্পত্যকলহের জেরে মিম আক্তার (২৩) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী তরিক সিকদার পলাতক রয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাবড়াশুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে তরিক সিকদারের সঙ্গে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শাকপাইলদিয়া গ্রামের মিমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে মিম ইসলাম ধর্ম গ্রহণ করে তরিক সিকদারকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্যকলহ চলছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের দাবি, রোববার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মিমকে মারধর করা হয়। পরে নিজ ঘরেই তার মৃত্যু হয়। এরপর তরিক সিকদার ঘরে মরদেহ রেখে পালিয়ে যান বলে অভিযোগ করেন স্থানীয়রা।

মুকসুদপুর সার্কেল পুলিশের সহকারী পুলিশ সুপার নাফিজুর ইসলাম বলেন, মিম আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে মরদেহে আঘাতের চিহ্ন দেখা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

প্রিন্ট

আরও সংবাদ