খুলনা | সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি করতে হবে : ধর্ম বিষয়ক সচিব

তথ্য বিবরণী |
০১:৪১ এ.এম | ১৪ সেপ্টেম্বর ২০২৬


সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা রোববার খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।
অনুষ্ঠানে ধর্ম বিষয়ক সচিব বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি করতে হবে। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিরাপদ ও ঝামেলা মুক্ত ভাবে হজ পালন করানো হয়। ২০২৬ সালে অত্যন্ত সুষ্ঠুভাবে হজযাত্রীদের হজ পালন করানো হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। তিনি আরও বলেন, আমাদের সকলকে ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করতে হবে। সকল ধর্মের প্রতি সম্মানসূচক দৃষ্টিভঙ্গি রাখতে হবে।
সেমিনারে প্রধান আলোচক ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোঃ কামরুল হাসান, বিশেষ আলোচক ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম ও আলোচক ছিলেন জেলা প্রশাসক হুরে জান্নাত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার।
অনুষ্ঠানে জানানো হয়, সৌদি সরকার ঘোষিত ২০২৭ সালে হজ গমনে নিবন্ধনের শেষ সময় ২৬ সেপ্টেম্বর। হজ ভিসা ইস্যুকরণ শুরু হবে ২৮ জানুয়ারি এবং হজ ফ্লাইট শুরু হবে ৮ এপ্রিল। সরকারিভাবে নিবন্ধনের অর্থ সোনালী ব্যাংকের যেকোন শাখায় জমা করা যাবে। হজ পোর্টালে (hajj.gov.bd) ইউজার  তৈরি করে সরকারিভাবে প্রাক-নিবন্ধন ও নিবন্ধন করা যাবে। এছাড়া ঢাকা হজ ক্যাম্প, ইসলামিক ফাউন্ডেশনের অফিসসমূহ, উপজেলা মডেল মসজিদ, ইউডিসি সেন্টারে নিবন্ধন ভাউচার করা যাবে। প্রাক-নিবন্ধনে হজযাত্রীর জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশী পাসপোর্ট অথবা জন্ম সনদ, পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নম্বর ও ব্যাংক হিসাব নম্বর থাকতে হবে। একই পরিবারের একাধিক ব্যাক্তির একটি ব্যাংক হিসাব থাকলেও হবে। ২০২৭ সালের হজে নিবন্ধনের জন্য পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৩১ ডিসেম্বর, ২০২৭ পর্যন্ত থাকতে হবে।
সেমিনারে আরও জানানো হয়, সরকারি মাধ্যমে হজ পালন সম্পূর্ণরূপে নিরাপদ ও ঝুঁকিমুক্ত এবং হজ প্যাকেজের অব্যয়িত অর্থ হজযাত্রীদের ব্যাংক একাউন্টে ফেরত প্রদান করা হয়। তবে মেডিকেল ফিটনেস ব্যতীত কোন হজযাত্রী হজে গমন করতে পারবেন না। সেমিনারে বিভাগীয় পর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগের কর্মকর্তাগণ অংশ নেন।

প্রিন্ট

আরও সংবাদ