খুলনা | সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩

জলবায়ু বিপর্যয় রোধে মোংলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মোংলা প্রতিনিধি |
০৩:৪৪ পি.এম | ১৪ সেপ্টেম্বর ২০২৬


জলবায়ু বিপর্যয় রোধে উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার প্রত্যয়ে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ (১৪ সেপ্টেম্বর) সোমবার সকাল সাড়ে ১১টায় মোংলার চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই চারা বিতরণ করা হয়।

বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার এবং আশা-হফনুং। চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। এ সময় বিদ্যালয়ে অধ্যায়নরত তিন শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সুন্দরবনের আয়তন কমে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, একসময়ে সুন্দরবনের আয়তন ছিলো ১৯ হাজার ৫০৯ বর্গ কিলোমিটার, যা মানুষের বনবিনাশী কর্মকাণ্ডের কারণে বর্তমানে প্রায় অর্ধেকে নেমে এসেছে। জলবায়ু সংকট মোকাবিলায় বন বিনাশী সকল কর্মকাণ্ড রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তারা বলেন, গাছ চারপাশের পরিবেশের জন্য প্রাকৃতিক এয়ারকন্ডিশনার হিসেবে কাজ করে এবং বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষা করে।

তাই একটি শিশু, একটি গাছ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বায়ুমণ্ডলে অক্সিজেনের সরবরাহ বাড়াতে ও কার্বন ডাই-অক্সাইড শোষণে নতুন প্রজন্মকে আরও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান আয়োজকরা। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে গাছের চারা তুলে দেওয়া হয়।

প্রিন্ট

আরও সংবাদ