খুলনা | মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩

খুলনায় আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩০২

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ, প্রাণ গেলো ৮ জনের

নিজস্ব প্রতিবেদক |
০৬:৩১ পি.এম | ১৪ সেপ্টেম্বর ২০২৬


ডেঙ্গুতে এ বছর এক দিনে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৩৩ জন। একই সময়ে মারা গেছেন আটজন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭। এ বছর এক দিনে এত বেশি রোগী হাসপাতালে ভর্তির তথ্য এই প্রথম পাওয়া গেল।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সোমবারের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ হাজার ৫৭০ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪৯ হাজার ৩৭৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৩৮ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ছয়জন নারী ও দু’জন পুরুষ। তাঁদের মধ্যে ২৬ থেকে ৩০ বছর বয়সী দু’জন, ৬ থেকে ১০ বছর বয়সী দু’জন এবং ১৬ থেকে ২০, ৩৬ থেকে ৪০, ৪১ থেকে ৪৫ ও ৬১ থেকে ৬৫ বছর বয়সী একজন করে রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন দুই সিটির বাইরে ঢাকা বিভাগে। সেখানে ৩৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর খুলনা বিভাগে ৩০২ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, দুই সিটি কর্পোরেশনের বাইরে। এ এলাকায় ৮ হাজার ৭২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপরই আছে খুলনা বিভাগ। উপকূলের এই বিভাগে রোগীর সংখ্যা ৮ হাজার ৬৭৩।
স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুন ও জুলাইয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বেড়েছে। জুনে ২ হাজার ৯০৭ জন এবং জুলাইয়ে ৯ হাজার ২০৬ রোগী হাসপাতালে ভর্তি হন। আগস্টে ভর্তি হন ২০ হাজার ৫৩৬ জন। চলতি মাসের ১৪ দিনে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৪২৪ জন।
বিশেষজ্ঞরা বরাবরই ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত মশা নিধন এবং বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিয়ে আসছেন। একই সঙ্গে জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং ডেঙ্গু শনাক্ত হলে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
খুলনায় আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩০২ : খুলনায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগজুড়ে নতুন করে আরও ৩০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ শেখ মোঃ মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন ভর্তি হওয়া ৩০২ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২৪৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৫৬ জন ভর্তি হয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ১১৯ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন এবং বাগেরহাটে ৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন হন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু রেকর্ড করা হয়।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১০৯ জনে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ইতোমধ্যে ৭ হাজার ৮১৩ জন হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে বিভাগ জুড়ে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং আরও ২২৫ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।
স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত চলতি বছরে বিভাগে মোট ৩০ জনের মৃত্যু হলো। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই সর্বোচ্চ ২০ জন এবং খুলনা জেলায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া যশোর ও বাগেরহাটে দুইজন করে মারা গেছে। 

প্রিন্ট

আরও সংবাদ