খুলনা | মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩

গোপালগঞ্জে সবজি ক্ষেত থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি |
১২:৫২ এ.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৬


নিখোঁজের দুই দিন পর গোপালগঞ্জে সবজি ক্ষেত থেকে পরি হাজরা (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের বেদভিটা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পরি হাজরা ওই গ্রামের তুলশী হাজরার স্ত্রী। গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের ছেলে মৃণাল হাজরা অভিযোগ করেন, তার মায়ের কানে ও নাকে স্বর্ণালঙ্কার ছিল। দুর্বৃত্তরা তাকে হত্যা করে অলংকার লুট করে নিয়ে মরদেহ সবজি খেতে ফেলে গেছে।
পুলিশ জানায়, গত শনিবার সকাল থেকে পরি হাজরা নিখোঁজ ছিলেন। পরিবার বিভিন্ন স্থানে খুঁজেও তার কোনো সন্ধান পায়নি। সোমবার সকালে বাড়ির সামনের সবজি খেতে উপুড় হয়ে পড়া মরদেহ থেকে দুর্গন্ধ ছড়ালে স্বজনেরা তা দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
 

প্রিন্ট

আরও সংবাদ