খুলনা | মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩

কেশবপুরে খালা বাড়ি যাওয়ার পথে গাছের ডাল পড়ে শিশুর মৃত্যু

কেশবপুর (যশোর) প্রতিনিধি |
১২:৫৩ এ.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৬


যশোরের কেশবপুরে মায়ের সঙ্গে ভ্যানে খালার বাড়ি যাওয়ার পথে গাছের ডাল পড়ে ফাতেমা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের বরণডালী গ্রামের ইনসানের মোড় এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু ফাতেমা খাতুন মণিরামপুর উপজেলার শ্যামকুড় গ্রামের হাসান আলীর মেয়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশু ফাতেমা তার মায়ের সাথে নানা বাড়ি থেকে ভ্যান যোগে উপজেলার সরসকাটি গ্রামে খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার ত্রিমোহনী ইউনিয়নের বরণডালী গ্রামের ইনসানের মোড় নামক এলাকায় এক ব্যক্তি গাছের ডাল কাটছিল। উপর থেকে কাটা ডালটি শিশুটির গায়ের ওপর পড়লে সে মারাত্মকভাবে আহত হয়। তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ শারমিন ইয়াসমিন বলেন, মৃত অবস্থায় ওই শিশুটিকে হাসপাতালে আনা হয়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন বলেন, ভ্যানে যাওয়ার সময় গাছের ডাল পড়ে ওই শিশুটির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। শিশুর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ