খুলনা | মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩

‘কতিপয় সুবিধাবাদীর অপকর্মের দায় দল বা সরকার নেবে না’

সাধারণ ভোটারের কাছে গ্রহণযোগ্যতা যার বেশি দল তাকেই মনোনয়ন দেবে : আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক |
০১:১৮ এ.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৬


রাজনীতিতে ব্যক্তিস্বার্থ, পারস্পরিক রেষারেষি ও অভ্যন্তরীণ কোন্দল পরিহার করে দলের আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং খুলনা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোঃ আসাদুজ্জামান আসাদ। একই সঙ্গে দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, নৈরাজ্য ও সাধারণ মানুষকে হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, কতিপয় সুবিধাবাদীর অপকর্মের দায় দল বা সরকার নেবে না। 
সোমবার বিকেলে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে মহানগর ও জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতা থাকতে পারে। তবে সেই প্রতিযোগিতা কোনো ভাবেই ব্যক্তিগত আক্রোশ, শত্র“তা কিংবা বিভেদে রূপ নেওয়া উচিত নয়। দলের ভেতরে অনৈক্য তৈরি হলে ফ্যাসিবাদের দোসর ও কায়েমি স্বার্থান্বেষী মহল সুযোগ নেবে। তাই তৃণমূলের নেতাকর্মীদের নিজেদের মধ্যকার দূরত্ব কমিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। 
নির্বাচনে প্রার্থী মনোনয়নের প্রসঙ্গে মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, ‘পকেটের লোক’, ‘ভাইয়ের লোক’ কিংবা ‘মাই ম্যান’ সংস্কৃতির দিন শেষ। সারাদিন দলীয় কার্যালয়ে সময় কাটানো কিংবা মিছিল-মিটিংয়ে অংশ নেওয়াই মনোনয়নের যোগ্যতার একমাত্র মাপকাঠি হবে না। 
তিনি বলেন, সাধারণ ভোটারের কাছে যার গ্রহণযোগ্যতা বেশি এবং নির্বাচনের মাঠে যিনি জয়ী হওয়ার সক্ষমতা রাখেন, দল তাকেই মনোনয়ন দেবে। তৃণমূল নেতাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে যোগ্য ও ‘উইনিং ক্যান্ডিডেট’ বাছাই করে কেন্দ্রে প্রস্তাব পাঠাতে হবে। 
বিগত সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ধর্ষণ ও স্পষ্ট দুর্নীতির মামলা ছাড়া রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা নেতাকর্মীদের মামলা প্রত্যাহারে সরকার উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত কমিটি কাজ করছে। খুলনার রাজনৈতিক মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়ে তিনি বলেন, আগামী ১০ দিনের মধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে। এ কাজে কোনো পাবলিক প্রসিকিউটরের গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। রূপসা ঘাটসহ বিভিন্ন হাট-বাজারে কৃষকদের পণ্য পরিবহনে অতিরিক্ত টোল আদায় ও চাঁদাবাজির অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন আইনমন্ত্রী। 
তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ কৃষকদের জিম্মি করতে কিংবা ঘাট-বাজারে চাঁদাবাজি করতে পারবে না। এসব অভিযোগের বিরুদ্ধে প্রশাসনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, কোনো বড় নেতা এসব অপরাধীর পক্ষে তদবির করলেও তাকে ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজদের দায় দল কিংবা সরকার নেবে না।
সরকারের বিভিন্ন সংস্কার ও জনকল্যাণমূলক কর্মকান্ড তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ভিআইপি প্রটোকল সংস্কৃতিতে পরিবর্তন আনা হয়েছে। অতিরিক্ত পুলিশ প্রটোকল কমিয়ে জনগণের নিরাপত্তায় পুলিশকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রীদের গাড়ির বহর কমানো এবং জ্বালানি বরাদ্দ ৩০ শতাংশ কমিয়ে রাষ্ট্রীয় অপচয় রোধের পদক্ষেপ নেওয়া হয়েছে। 
তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই প্রায় ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। প্রান্তিক মানুষের সহায়তায় ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে, যা পর্যায়ক্রমে চার কোটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া নদী-খাল খনন, বৃক্ষরোপণ এবং বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।
মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ওয়াসার চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন, কেডিএস’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক  মোল্লা খায়রুল ইসলাম, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শামীম কবীর, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু প্রমুখ। 

প্রিন্ট

আরও সংবাদ