খুলনা | মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ

মণিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শিক্ষক আটক

মণিরামপুর প্রতিনিধি |
০২:০৫ এ.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৬


মণিরামপুরে একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে একরামুল ইসলাম নামে এক শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরিস্থিতি সামাল দিয়ে ওই শিক্ষককে আটক করে থানায় নেয়া হয়। গতকাল সোমবার সকালে মণিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ওই শিক্ষকের ব্যবহৃত মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করেছে।
জানা গেছে, মণিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এমরামুল ইসলাম ছাত্রীদের সাথে দীর্ঘদিন যৌন হয়রানী ও অশালীন আচরণ করে আসছিলেন। এ ঘটনায় মুখ খুললেই পরীক্ষায় ফেল করানোসহ নানা ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে ওই শিক্ষককের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা শিক্ষক একরামুল ইসলামের শাস্তির দাবিতে বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ করে। এ সময় প্রধান শিক্ষক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ স¤্রাট হোসেন, এসি ল্যান্ড মাহির দায়ান আমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাফ্ফর হোসেন ও থানার ওসি আবু সাঈদ বিদ্যালয়ে সরেজমিনে যান। এ সময় শিক্ষার্থীরা শিক্ষক একরামুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ ইউএনও’র কাছে দেয়। তিনি তাৎক্ষণিক মাধ্যমিক মাউশি’র (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর) খুলনা বিভাগীয় পরিচালকসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেন। এরপর অভিযুক্ত ওই শিক্ষককে পুলিশ হেফাজতে নেয়া হয়। এদিকে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে যান।
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তছির উদ্দীন জানান, গত রোববার শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে অনৈতিক কাজে জড়িতের জন্য ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে উর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্র প্রেরণ করা হয়েছে।
বিদ্যালয়ের সভাপতি ও ইউএনও মোঃ সম্রাট হোসেন জানান, খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। ওই শিক্ষকের সর্বোচ্চ শাস্তির জন্য করনীয় ব্যবস্থা গ্রহণে উর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হয়েছে। 
মণিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই শিক্ষকের ব্যবহৃত ফোন ও কম্পিউটার জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

প্রিন্ট

আরও সংবাদ