খুলনা | মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩

কেডিএস ও ডিএফএর শোক

কৃতি ফুটবলার বাবলুর ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি |
০২:০৬ এ.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৬


খুলনার ক্রীড়াঙ্গনের নিবেদিতপ্রাণ মানুষ, সাবেক ফুটবলার ও (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। সোমবার দুপুর ২টায় খুলনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
বাদ এশা নগরীর মরিয়ম মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাতে তাঁর মরদেহ খুলনা জেলা স্টেডিয়ামে নেওয়া হলে ক্রীড়াঙ্গনের সর্বস্তরের মানুষ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও শুভানুধ্যায়ীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। সেখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা।  পরে রাতেই তাকে টুটপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মোস্তাফিজুর রহমান বাবলু আশির দশকের মাঝামাঝি পর্যন্ত খুলনা আবাহনীর হয়ে ফুটবল খেলেছেন। খেলোয়াড়ি জীবন শেষে তিনি সক্রিয়ভাবে যুক্ত হন ক্রীড়া সংগঠনের সঙ্গে। দীর্ঘদিন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক সহ-সভাপতি, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সদস্য ছিলেন। জাতীয় ক্রিকেট লিগে খুলনা বিভাগের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন ১০ বার। ক্রীড়াঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের সম্পৃক্ততা ও অবদানের মাধ্যমে তিনি খুলনার ক্রীড়া অঙ্গনে একটি পরিচিত ও সম্মানজনক অবস্থান তৈরি করেন।
মুস্তাফিজুর রহমান বাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 
নেতৃবৃন্দ বলেন, ‘মোস্তাফিজুর রহমান বাবলু ছিলেন খুলনার ক্রীড়াঙ্গনের একজন নিবেদিতপ্রাণ সংগঠক। তাঁর দীর্ঘদিনের কর্মময় জীবন ও ক্রীড়াক্ষেত্রে অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে খুলনার ক্রীড়াঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।’
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
অনুরূপভাবে কৃতি এই খেলোয়াড়ের মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ)  নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন, সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম খান কালু, কার্যনির্বাহী সদস্য এম এ জলিল, মঈনুল ইসলাম টুটুল। এছাড়াও শোক জানিয়েছেন এসবিআলী ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিন নাসিমসহ একাডেমির সকল সদস্য, মুক্ত বাংলা সংস্থার এডহক কমিটির আহবায়ক মোঃ কামরান হাচান মন্টু, সদস্য সচিব বনানী সুলতানা ঝুমু, সদস্য এম এ জলিল, নাঈম হাসান হাসিব ও এজাজ আহমেদ।  

প্রিন্ট

আরও সংবাদ