খুলনা | মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩

রূপসায় এমপি আজিজুল বারী হেলাল

প্রাকৃতিক জলাশয়, খাল-বিল ও নদী রক্ষায় দখলদারদের বিরুদ্ধে কঠোর হতে হবে

রূপসা প্রতিনিধি |
০২:০৬ এ.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৬


খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দেশের নদী-খাল, বিল, প্লাবন ভূমি ও জলাশয় আমাদের প্রাকৃতিক সম্পদ। এসব জলাশয় রক্ষা করা শুধু মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য নয়, বরং কৃষি, পরিবেশ, জীববৈচিত্র্য ও সাধারণ মানুষের জীবন-জীবিকার স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবৈধভাবে সরকারি খাল, বিল বা জলাশয় দখল করে রাখবে এটি বর্তমান বিএনপি সরকার কোনো ভাবে মেনে নেবে না। 
তিনি গতকাল সোমবার দুপুরে রূপসা উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে ২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় প্লাবন ভূমি, বর্ষাপ্লাবিত ধান ক্ষেত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দখল ও ভরাটের কারণে অনেক জলাশয়ের পানি প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে এবং মাছের স্বাভাবিক প্রজনন ও বিচরণক্ষেত্র নষ্ট হচ্ছে। তাই অবৈধ দখলে থাকা জলাশয়গুলোকে চিহ্নিত করে পর্যায়ক্রমে জনগণকে সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে কঠোর হয়ে সেগুলো দখলমুক্ত করতে হবে। দখলমুক্ত করার পর শুধু জায়গা উদ্ধার করলেই হবে না, সেই জলাশয়গুলোকে কীভাবে সংরক্ষণ ও উৎপাদনশীল কাজে ব্যবহার করা যায়, সে বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে।
আজ যে পোনা মাছগুলো জলাশয়ে অবমুক্ত করা হচ্ছে, এগুলো আমাদের ভবিষ্যৎ মৎস্য সম্পদের একটি অংশ। এই পোনাগুলো যাতে নিরাপদে বেড়ে উঠতে পারে, সেজন্য স্থানীয় জনগণকেও দায়িত্ব নিতে হবে। কেউ যেন অবৈধ জাল ব্যবহার করে মাছের পোনা নিধন না করে এবং বিষ বা কারেন্ট জাল দিয়ে মাছ শিকার না করে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। তাই খুলনা-৪ আসনের প্রাকৃতিক সম্পদ ও মৎস্য সম্পদ রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এমপি আজিজুল বারী হেলাল মোট ১৬টি জলাশয়ের জন্য মৎস্যের পোনা বিতরণ করেন। পরে তিনি ঘাটভোগ ইউনিয়নের পুঁটিমারি খাল, উপজেলা পরিষদ চত্বর ও রূপসা থানা চত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার জাহিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব  জাবেদ হোসেন মল্লিক, খুলনা জেলা বিএনপি’র সদস্য আনিচুর রহমান, আরিফুর রহমান, মোল্লা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক গোলাম মোস্তফা তুহিন, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবীর, ইলিয়াজ হোসেন, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, ফিরোজ মাহমুদ, শামীম হাসান, খান আলিম হাসান, জাহিদুল ইসলাম রবি, মোকাররম হোসেন, তরিকুল ইসলাম রিপন, এস এম আবু সাঈদ, নাঈম আহম্মেদ, মোস্তাহিন শিকদার, গোলাম রসূল, জাহিদ শেখ প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ