খুলনা | মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩

মক্কাসহ সৌদি আরবের তিন শহরে ‘বিপদের’ সতর্কতা, পরে প্রত্যাহার

খবর প্রতিবেদন |
০৬:৪৫ পি.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৬


সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জেদ্দা, মক্কা ও তাইফে ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৫ সেপ্টম্বর) জারি করা ওই জরুরি সতর্কবার্তায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে এবং সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। তবে সতর্কতা জারির অল্প সময়ের মধ্যে প্রত্যাহার করা হয়। 

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, সতর্কতাগুলো অল্প সময়ের মধ্যেই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর মক্কার পবিত্র নগরীতে এ ধরনের সতর্কতা জারির ঘটনা এটিই প্রথম বলে জানা গেছে।

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম ফর ইমার্জেন্সিজের মাধ্যমে এসব সতর্কবার্তা পাঠানো হয়েছে। তবে কী ধরনের সম্ভাব্য বিপদ তৈরি হয়েছে, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।

সতর্কবার্তায় সময় বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। সম্ভব হলে ভবনের ভেতরে, জানালা থেকে দূরে কোনো কক্ষের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। বিপদ কেটে না যাওয়া পর্যন্ত সেখানেই থাকার পরামর্শ দেওয়া হয়।

দেশটির সিভিল ডিফেন্স এসময় খোলা জায়গা, জানালা, বারান্দা ও ছাদ থেকে দূরে থাকার পরামর্শ দেন। বাইরে থাকা ব্যক্তিদের নিকটস্থ ভবনে ঢুকে পড়তে অথবা শক্ত কোনো আড়ালের পেছনে আশ্রয় নিতে বলা হয়। যেসব চালক সতর্কবার্তা পেয়েছেন, তাদের সেতু ও উঁচু ভবন থেকে দূরে গাড়ি থামানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জনসাধারণকে জমায়েত এবং ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। পাশাপাশি সরকারি চ্যানেলের মাধ্যমে দেওয়া নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়।

সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে সংঘাত বেড়ে যাওয়ার মধ্যেই এসব সতর্কতা জারি করা হলো। গত কয়েক দিনে হুথিরা সৌদি আরবের বিভিন্ন শহর ও অবকাঠামো লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। জবাবে সৌদি বাহিনী ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ