খুলনা | বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩

সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে ঘুমিয়ে থাকার অভিযোগ

সিএন্ডবি বাজার (বাগেরহাট) প্রতিনিধি |
১২:২০ এ.এম | ১৬ সেপ্টেম্বর ২০২৬


বাগেরহাট সদর উপজেলার সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ আসিফ ইকবালের বিরুদ্ধে ক্লাস চলাকালীন সময়ে শ্রেণিকক্ষে ঘুমিয়ে থাকাসহ নানাবিধ অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও অভিভাবকদের মাধ্যমে জানা গেছে, সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করার পর থেকেই তিনি সময়মত বিদ্যালয়ে উপস্থিত হন না, বিভিন্ন সময় ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষে ঘুমিয়ে থাকেন এবং শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করেন।
প্রাক-প্রাথমিক শ্রেণির অভিভাবক সুফিয়া খাতুন বলেন, ‘প্রায় এক বছর শেষ হয়ে আসছে কিন্তু আমার ছেলেটা এখনো কিছু শিখতে পারিনি। স্যার প্রতিনিয়ত ক্লাসে এসে ঘুমিয়ে থাকেন। আমরা মাঝেমধ্যে রাগ করে স্কুল ছুটি হয়ে গেলে স্যার ঘুমিয়ে থাকার কারণে আমাদের বাচ্চাদের নিয়ে বাড়ি চলে আসি। স্যার যে ক্লাসে ঘুমিয়ে থাকে সেই ছবি দেখলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন।’
বিদ্যালয়ের সাবেক সভাপতি আশরাফ ঢালী বলেন, ‘অভিভাবকরা বিভিন্ন সময়ে এই শিক্ষকের বিরুদ্ধে আমাদের কাছে নালিশ করেছে। আমরা উর্ধ্বতন আধিকারিকদের বিষয়টি অবহিত করেছি। এই শিক্ষকের গাফিলাতির কারণে এখনো দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করতে পারিনি। উনাকে বারবার বলা সত্তে¡ও উনি পরীক্ষার খাতা মূল্যায়ন করেননি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্পনা রানী ঘোষ জানান, ‘আসিফ স্যারের কারণে আমাদের বিদ্যালয়ের সুনাম নষ্ট হচ্ছে। আমি এই বিদ্যালয়ে যোগদান করার পর থেকে এখন পর্যন্ত এই বিদ্যালয়ের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ দিতে পারেনি।’ এ বিষয়ে আমি স্যারকে অনেকবার সতর্ক করেছি। তবে বিষয়টি জানতে অভিযুক্ত শিক্ষক শেখ আসিফ ইকবালের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
বাগেরহাট সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মাদ খাঁন বলেন, ‘আমাকে মৌখিকভাবে বিষয়টা জানানো হয়েছে। আমি তাদেরকে লিখিতভাবে অভিযোগ দিতে বলেছি, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রিন্ট

আরও সংবাদ