খুলনা | বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩

সারদেশে ৭ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৫৯৩

খুলনায় একদিনে ডেঙ্গুতে প্রাণ গেলো ৩ জনের, নতুন আক্রান্ত ২৯০

নিজস্ব প্রতিবেদক |
১২:৩৯ এ.এম | ১৬ সেপ্টেম্বর ২০২৬


ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনা বিভাগে একদিনে (গত ২৪ ঘণ্টা) তিনজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নতুন করে ২৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃতদের মধ্যে খুলনা জেলায় দুইজন এবং বাগেরহাটে একজন রয়েছেন। মঙ্গলবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ শেখ মোঃ মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
বিভাগীয় স্বাস্থ পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন ভর্তি হওয়া ২৯০ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২১৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৭৩ জন ভর্তি হয়েছেন। জেলাভিত্তিক আক্রান্তের তালিকায় সবচেয়ে বেশি রোগী খুলনা জেলায়-১৩৯ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৬৬ ও বেসরকারিতে ৭৩ জন রয়েছে।
এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭ জন, যশোরে ২৫ জন, বাগেরহাটে ১৮ জন, সাতক্ষীরায় ১৬ জন, কুষ্টিয়া ও ঝিনাইদহে ১০ জন করে, নড়াইলে ৭ জন, চুয়াডাঙ্গায় ৪ জন এবং মাগুরা ও মেহেরপুরে ২ জন করে নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৩৯৯ জনে। এ পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ২০ জন মারা গেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৮ জন খুলনা জেলা হাসপাতালে। এ ছাড়া বাগেরহাটে ৩ জন ও যশোরে ২ জন মারা গেছেন।
স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৮১ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৬০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং ২২৫ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।
সারাদেশে আরও ৭ জনের মৃত্যু : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময় এক হাজার ৫৯৩ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ৩৮৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৭২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৩২ জন, খুলনা বিভাগে ২৯০ জন, ময়মনসিংহ বিভাগে ৮২ জন, রাজশাহী বিভাগে ১৩৭ জন, রংপুর বিভাগে ৬৫ জন ও সিলেট বিভাগে নয়জন রয়েছেন।
চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ১৬৫ জন।
চলতি বছরে এ যাবত মোট ৫০ হাজার ৯৪১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে এক হাজার ৫৬৬ জন চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৬৪ জনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

প্রিন্ট

আরও সংবাদ