খুলনা | বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন

পাটকেলঘাটায় অচেতন অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেন ওসি

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:৫৯ এ.এম | ১৬ সেপ্টেম্বর ২০২৬


পাটকেলঘাটা থানা এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার মাধ্যমে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন থানার ওসি শফিকুল ইসলাম। সময়োপযোগী এই পদক্ষেপে প্রসংশায় ভাসছেন ওই পুলিশ কর্মকর্তাসহ থানা পুলিশ।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলাবার সকাল ৯টার দিকে পাটকেলঘাটা থানাধীন শাকদাহ ব্রিজ এলাকায় রাস্তার পাশে এক ব্যক্তিকে দীর্ঘক্ষণ অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে বিন্দুমাত্র বিলম্ব না করে পাটকেলঘাটা থানার ওসি শফিকুল ইসলাম দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। লোকটির আশঙ্কাজনক অবস্থা দেখে এ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা না করে তিনি নিজের দায়িত্ববোধ থেকে পুলিশের গাড়িতে করে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে নিজে উপস্থিত থেকে জরুরি চিকিৎসার সব ব্যবস্থা সম্পন্ন করে তাকে হাসপাতালে ভর্তি নিশ্চিত করেন।
উদ্ধার অভিযানের বিষয়ে পাটকেলঘাটা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ামাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। লোকটির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় এক মুহ‚র্ত সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। একজন সাধারণ নাগরিকের জীবন রক্ষা করা আমাদের প্রথম ও প্রধান দায়িত্ব। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আমাদের মূল লক্ষ্য তাকে সুস্থ করে তোলা এবং তার স্বজনদের কাছে পৌঁছে দেওয়া। বর্তমানে ওই ব্যক্তি সাতক্ষীরা সদর হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় পরিচয়পত্রের বায়োমেট্রিক ডেটাবেজসহ নানা প্রযুক্তির সাহায্যে তার পরিচয় শনাক্তের জোর চেষ্টা চালানো হচ্ছে।
অজ্ঞাত পরিচয় এই ব্যক্তির চিকিৎসা কিংবা স্বজনদের সন্ধানে কোনো তথ্য জানা থাকলে সরাসরি সাতক্ষীরা সদর হাসপাতাল অথবা পাটকেলঘাটা থানায় যোগাযোগ করার জন্য পুলিশের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ