খুলনা | বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩

তেরখাদায় এমপি আজিজুল বারী হেলাল

প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো বিএনপি’র নীতিগত দায়িত্ব ও কর্তব্য

রূপসা প্রতিনিধি |
০২:০৩ এ.এম | ১৬ সেপ্টেম্বর ২০২৬


খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেওয়া সরকারের অন্যতম দায়িত্ব। তবে শুধু সরকারের ওপর নির্ভর করলে হবে না, দুর্যোগের সময় সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের বিপদে পাশে দাঁড়ানো শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে আজ যে সহায়তা তুলে দেওয়া হচ্ছে, তা তাদের প্রতি সরকারের দায়বদ্ধতা, দায়িত্ববোধ ও ভালোবাসার একটি বহিঃপ্রকাশ। দুর্যোগের পর তাৎক্ষণিক ত্রাণ সহায়তার পাশাপাশি ভবিষ্যতে দুর্যোগ মোকাবেলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি, পর্যাপ্ত ও নিরাপদ আশ্রয়কেন্দ্র নিশ্চিত করা, টেকসই বাঁধ নির্মাণ ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং দুর্যোগের পর দ্রুত উদ্ধার, চিকিৎসা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম আরও শক্তিশালী করা হবে।
গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে  তেরখাদা উপজেলা পরিষদের  মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত শুকনা ও অন্যান্য খাবার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, তেরখাদার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সেবা করতে চাই। তেরখাদাকে শুধু উন্নত নয়, একটি মানবিক, নিরাপদ ও দুর্যোগসহনশীল উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দুর্যোগের সময় কে কোন দলের, কোন মতের কিংবা কোন শ্রেণির, এটা দেখার সুযোগ নেই। বিপদের সময় মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। আমাদের আশপাশে কোনো পরিবার যেন খাদ্য ও প্রয়োজনীয় সহায়তার অভাবে কষ্ট না পায়, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই যেখানে বিপদে পড়া মানুষ নিজেকে একা মনে করবে না। দুর্যোগ আসার আগেই প্রস্তুতি নিতে হবে এবং দুর্যোগের সময় দ্রুত মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে হবে। একই সঙ্গে দুর্যোগ-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে বিষয়েও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। তেরখাদার মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার-উল কুদ্দুস, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, জেলা বিএনপি’র সদস্য মোঃ আনিসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু ও জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ গোলাম মোস্তফা তুহিন। অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন, উপজেলা বিএনপি নেতা মোল্লা মাহবুবুর রহমান, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক ও মোল্যা হুমায়ুন কবির, বিএনপি নেতা মোঃ মিল্টন মুন্সী, মোঃ বিল্লাল হোসেন, এস কে নাসির আহমেদ, শেখ রাজু আহমেদ, মোঃ গোলাম মোস্তফা ভুট্টো, এড. শহীদুল ইসলাম, মহিলা দলের সভাপতি কোহিনুর বেগম, কৃষকদলের সদস্য সচিব মোঃ সাবু মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সোহাগ মুন্সী, সদস্য সচিব শামীম আহেমদ রমিজ এবং উপজেলা ছাত্রদলের আহবায়ক সাব্বির আহমেদ টগর।
পরে প্রধান অতিথি এসকে আজিজুল বারী হেলাল দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে শুকনা ও অন্যান্য খাবার বিতরণ করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা প্রয়োজনীয় সহায়তা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রিন্ট

আরও সংবাদ