খুলনা | বৃহস্পতিবার | ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩

খুলনার নির্বাহী আদালত ‘ক’ অঞ্চলে বেঞ্চ ক্লার্ক সুপ্রভাতের বিরুদ্ধে উৎকোচ নেওয়ার অভিযোগ, হাজিরা মিলল ডাস্টবিনে

খবর বিজ্ঞপ্তি |
০১:৫১ এ.এম | ১৭ সেপ্টেম্বর ২০২৬


খুলনা জেলা ম্যাজিস্ট্রেটের নির্বাহী আদালত ‘ক’ অঞ্চলে দুর্নীতির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বেঞ্চ ক্লার্ক সুপ্রভাত মন্ডলের বিরুদ্ধে উৎকোচ নেওয়ার অভিযোগ উঠেছে। বিচারপ্রার্থীর হাজিরা ও জবাব ওয়েস্ট বক্সে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, বুধবার ফুলতলা থানার এমপি-৪০৯/২৫ নং মামলায় বরিশাল থেকে আগত কতিপয় অসহায় মহিলা বিচারপ্রার্থী আইনজীবীর মাধ্যমে হাজিরা ও জবাব জমা দেন। অভিযোগ উঠেছে, ওই বেঞ্চ ক্লার্ক প্রতিপক্ষের নিকট থেকে অর্থ নিয়ে জমাকৃত কাগজপত্র সরিয়ে ফেলেন।
পরে কোর্ট চলাকালীন দ্বিতীয় পক্ষের ডাক পড়লে বেঞ্চ ক্লার্ক বলেন, “আপনাদের জবাবও নাই, হাজিরাও নাই।” এতে আদালতে বিচারক হতভম্ব হন এবং সংশ্লিষ্ট আইনজীবীরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। পরর্বুীতে আদালত শেষে উক্ত জবাব ও হাজিরা পাওয়া যায়  আদালতের ওয়েস্ট বক্সে। 
এ ঘটনায় আইনজীবী সমিতির ৪নং হলে তাৎক্ষণিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অভিযুক্ত বেঞ্চ ক্লার্ক বিষয়টি জানতে পেরে তৎক্ষণিক সেখানে উপস্থিত হন। আইনজীবী ও বিচারপ্রার্থীদের সামনে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে অঙ্গীকার করেন।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বৃহত্তর খুলনা লয়ার্স জার্নালিস্ট কাউন্সিল ও  ‘বেসরকারি দুর্নীতি দমন প্রতিরোধ ফোরাম’। 
সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে জেলা ম্যাজিস্ট্রেটের আশু হস্তক্ষেপ কামনা করে অভিযুক্ত বেঞ্চ ক্লার্কের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিগত সরকারের আমলে নিয়োগকৃত এক শ্রেণির ঘুষখোর বেঞ্চ ক্লার্ক নির্বাহী আদালতের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে আছে। তারা বিচারপ্রার্থীদের হয়রানি করে অবৈধ ঘুষকে সম্বল করেছে। সুপ্রভাত মন্ডলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এভাবে দুর্নীতি ও অনিয়ম সৃষ্টির অভিযোগ রয়েছে।
বিবৃতি দিয়েছেন বৃহত্তর খুলনা লয়ার্স জার্নালিস্ট কাউন্সিলের প্রধান উপদেষ্টা আজাদ বার্তা সম্পাদক এড. এম মাফতুন আহমেদ, সভাপতি এড. নাহিদ সুলতানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. এম এ হানিফ চৌধুরী, এড. আব্দুল্লাহ-আল মামুন, সাংবাদিক জসীম উদ্দিন প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ