খুলনা | শুক্রবার | ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ৩ আশ্বিন ১৪৩৩

ফয়েজউদ্দিন বালিকা বিদ্যালয়ে পুরস্কার বিতরণকালে এড. মনা

নারী শিক্ষায় মহীয়নী বেগম খালেদা জিয়ার অভূতপূর্ব অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৭ এ.এম | ১৮ সেপ্টেম্বর ২০২৬


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা বলেছেন, নারী শিক্ষায় মহীয়নী বেগম খালেদা জিয়ার অভূতপূর্ব অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। নারী যে শুধু চার দেওয়ালে বন্দিনী নয়; স্বাধীনতা-সংগ্রাম ও জীবনের নানা ঘাত-প্রতিঘাত মাড়িয়ে দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করতে পারেন-তার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি নিজেই। তাই আজকের এই পুরস্কার শুধু একটি ট্রফি, মেডেল বা সনদের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি তোমাদের অমানুষিক পরিশ্রম, গভীর মনোযোগ এবং স্বপ্নের একটি স্বীকৃতি। তোমরা প্রমাণ করেছো যে ইচ্ছা আর প্রচেষ্টা থাকলে যেকোনো বাঁধা পেরিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছানো সম্ভব।
নগরীর বয়রা হাজী ফয়েজ উদ্দিন উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ২০২৬ সালের এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বর্ণাঢ্য আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা আরও বলেন, আগামী দিনের বাংলাদেশকে গড়ে তোলার দায়িত্ব তোমাদের কাঁধেই বর্তাবে। খুলনাকে একটি সমৃদ্ধ, আধুনিক ও বসবাসের উপযোগী স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে যেমন কেডিএ কাজ করে যাচ্ছে, তেমনি একটি উন্নত ও মেধাবী জাতি গঠনে তোমাদের মতো তরুণদেরই এগিয়ে আসতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হওয়া সবচেয়ে জরুরি। সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ যেন তোমাদের প্রতিটি পদক্ষেপে প্রতিফলিত হয়। বর্তমান যুগে প্রযুক্তির সঠিক ও ইতিবাচক ব্যবহার তোমাদের মেধাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে সাহায্য করবে। একে অপব্যবহার না করে জ্ঞান অর্জনের হাতিয়ার বানাও। নিজের অর্জনকে শুধু নিজের উন্নতির জন্য নয়, পরিবার, সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগাও।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি শেখ মোস্তফা কামাল, রামপাল উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ হাফিজুর রহমান তুহিন, সোনাডাঙ্গা থানা বিএনপি’র সাবেক সদস্য সচিব সাজ্জাদ আহসান পরাগ, ১৬নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শওকত আলী লাবু বিশ^াস, সাংগঠনিক সম্পাদক মোল্লা শহর হোসেন, স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ বশির উদ্দিন। স্কুলের প্রধান শিক্ষক অনুপ কুমার বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ