খুলনা | রবিবার | ২০ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩

প্রবাসী পাইকগাছার যুবকের সাথে প্রেমের নাটক

নড়াইলের এক নারীর বিরুদ্ধে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |
০২:১২ এ.এম | ২০ সেপ্টেম্বর ২০২৬


খুলনার পাইকগাছার প্রবাসী এক যুবকের সাথে দীর্ঘ ৭ বছরের মোবাইলে প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে নড়াইলের এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী মোঃ রানা হোসেন বাদী হয়ে পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। জিডি নং- ৩৯৩, তারিখ ০৯/০৯/২০২৬।
জিডি সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে প্রবাসী মোঃ রানা হোসেন (৩১) এর সঙ্গে প্রায় ৭ বছর পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে নড়াইল সদর উপজেলার আফরা গ্রামের মোঃ রফিকুল মোল্লা ও তার পরিবারের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে রফিকুল মোল্লার কন্যা শারমিন নাহার লিতু (২৮) এর সঙ্গে বাদীর ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে পারিবারিক ও অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করে অভিযুক্ত শারমিন নাহার লিতু, লিমন হোসেন (২০), রফিকুল মোল্লা (৫২) এবং জেসমিন বেগম (৪২) বিভিন্ন সময়ে বিকাশ ও নগদ লেনদেনের মাধ্যমে বাদীর নিকট হতে সর্বমোট ১০ লাখ টাকা গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, বাদী পাওনা টাকা ফেরত চাইলে গত ১৫ আগস্ট ২০২৬ তারিখে সন্ধ্যা ৭টার দিকে একটি অজ্ঞাত মোবাইল নম্বর হতে কল করে টাকা প্রদানে অস্বীকৃতি জানানো হয়। এছাড়াও টাকা আদায়ের জন্য যোগাযোগ করলে আসামিরা বাদী ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা জীবনাশের হুমকি প্রদান করে।
বর্তমানে ভুক্তভোগী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যৎ আইনি সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে সাধারণ ডায়েরি করেছেন।

প্রিন্ট

আরও সংবাদ