খুলনা | রবিবার | ২০ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩

রাজধানীর গুরুত্বপূর্ণ ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন

খবর প্রতিবেদন |
০৩:৩৯ পি.এম | ২০ সেপ্টেম্বর ২০২৬


রাজধানী ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন স্থানে আজ রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে প্রায় একই সময়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সুপ্রিম কোর্টের (হাইকোর্ট) মূল ফটক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে এবং গণপূর্ত অধিদপ্তরের প্রবেশপথের কাছে এসব পৃথক বিস্ফোরণ ঘটে। এছাড়া পল্লবীতে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। সিরামিক রোডের সরকারি কলেজের পাশে সকালে বৃষ্টির মধ্যে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক একটার দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা সুপ্রিম কোর্টের (হাইকোর্ট) প্রধান ফটকের সামনে হঠাৎ ককটেল নিক্ষেপ করে দ্রুত সটকে পড়ে। বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশপাশের পথচারী, আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেন এবং ককটেলের আলামত সংগ্রহ করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাইকোর্ট ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগ জানিয়েছে, দুপুরে সেগুনবাগিচায় অবস্থিত গণপূর্ত অধিদপ্তরের সামনেও একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত সেখানে পৌঁছে অবস্থান নেন।

এ ছাড়া প্রায় কাছাকাছি সময়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ঘটনাগুলোর পর নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে।

অপরদিকে রাজধানীর পল্লবীতে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। সিরামিক রোডের সরকারি কলেজের পাশে সকালে বৃষ্টির মধ্যে এ ঘটনা ঘটে। দুপুর সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মিরপুর জোনের উপপুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার।

তিনি জানান, সকাল সোয়া ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে সরকারি কলেজের পাশে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

পরিস্থান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে তার সাবেক চালক ফোন করে বাসে আগুন লাগার খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি বাসটি পুড়ে যেতে দেখেন। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৮৭০৩।

এ ঘটনায় মামলা করেছেন কি না জানতে চাইলে খান মো. মহিতুল ইসলাম বলেন, এখন পর্যন্ত মামলা করেননি।

প্রিন্ট

আরও সংবাদ