খুলনা | সোমবার | ২১ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় কাশির ওষুধ ভেবে কীটনাশক পান করানোয় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৫৬ এ.এম | ২১ সেপ্টেম্বর ২০২৬


সাতক্ষীরায় কাশির ওষুধ ভেবে বোতলে রাখা কীটনাশক পান করানোর কারণে রাহুল নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি জানার পর শিশুটির বাবা তার মাকে মারপিট করায় বাকি ওষুধ খেয়ে তিনিও অসুস্থ হয়ে পড়েছেন। তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শিশুর রাহুল বালইগাছা গ্রামের আলমগীর হোসেনের ছেলে। 
পুলিশ জানায়, বেশ কয়েকদিন ধরে শিশু রাহুলের কাশির সমস্যা হচ্ছিল। রোববার দুপুরে শিশুটির মা আনোয়ারা খাতুন কাশির ওষুধ ভেবে বোতলে রাখা কীটনাশক শিশু রাহুলকে খাইয়ে দেয়। এর কিছুক্ষণ পর বিষক্রিয়ার ফলে শিশুটি মারা যায়। এই ঘটনা জানার পর শিশুর বাবা আলমগীর হোসেন বাড়িতে এসে তার স্ত্রীকে মারপিট করে। একপর্যায়ে আনোয়ারা বোতলে রাখা বাকি কীটনাশক নিজে পান করে। বিষয়টি জানার পর দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় ধূলিহর বাজারে একটি ক্লিনিকে ভর্তি করানো হয়। বর্তমানে আনোয়ারা খাতুন সেখানে চিকিৎসাধীন আছেন। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রিন্ট

আরও সংবাদ