খুলনা | সোমবার | ২১ সেপ্টেম্বর ২০২৬ | ৬ আশ্বিন ১৪৩৩

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার, কথিত স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক |
০১:২৪ পি.এম | ২১ সেপ্টেম্বর ২০২৬


খুলনা নগরীর খান জাহান আলী রোডের এক আবাসিক হোটেল থেকে সোহেল রানা বাবু (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফাতেমা (২৫) নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে সদর থানার খানজাহান আলী রোডের ‘কপোতাক্ষ আবাসিক হোটেল’-এর দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সোহেল রানা লবণচরা থানার হরিণটানা অটোস্ট্যান্ড রোডের লোকমান ফকিরের ছেলে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার কথিত স্ত্রী ফাতেমাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে কপোতাক্ষ আবাসিক হোটেলের ওই কক্ষে ওঠেন। সেখানে বিয়ের দাবি ও নানা বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওড়না দিয়ে পেঁচিয়ে সোহেল রানাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন জানান, নিহেত সোহেল রানার আগের এক স্ত্রী রয়েছেন, যিনি ঢাকায় থাকেন এবং তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। এদিকে ফাতেমার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং ফাতেমা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। রবিবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ফাতেমা। অভিযুক্ত ফাতেমাকে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ