খুলনা | সোমবার | ২১ সেপ্টেম্বর ২০২৬ | ৬ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় মা ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

খবর প্রতিবেদন |
০১:৫২ পি.এম | ২১ সেপ্টেম্বর ২০২৬

 

কুমিল্লার দেবিদ্বারে মা ও আট মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইমন (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর ভাবি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা ইমনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়ায় মোস্তফা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ইমনের মা ও মৃত ফরিদ মিয়ার স্ত্রী পেয়ারাবেগম (৫৫) এবং তাঁর ভাতিজি সুজন মিয়ার মেয়ে ইশরাত জাহান (৮ মাস)। এ ঘটনায় ইমনের ভাবি ও সুজন মিয়ার স্ত্রী রাবেয়া (২৮) গুরুতর আহত হয়েছেন। তাঁকে কুমিল­া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহিন মিয়ার নেতৃত্বে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হন।

স্থানীয়রা জানান, প্রায় দেড় বছর আগে ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত পান ইমন। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। তাঁর মা বিভিন্নভাবে ধারদেনা করে চিকিৎসার খরচ চালাচ্ছিলেন। দুই দিন আগেও তাঁর পায়ে অস্ত্রোপচার হয়েছে। তবে কী কারণে তিনি এ ঘটনা ঘটালেন, তা তাঁরা বুঝতে পারছেন না।

স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রার্থী রাসেল মিয়া বলেন, এলাকায় আমরা ছেলেটিকে ভালো হিসেবেই জানি। দীর্ঘদিনের অসুস্থতা ও কোনো ভুল চিকিৎসার কারণে সে এমনটা করেছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। সে অনেক সময় বলত, ভুল চিকিৎসা তাঁর জীবনটা শেষ করে দিয়েছে।

হত্যাকাণ্ডের কারণ জানতে ইমনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি। তবে রাগ ও ক্ষোভের বশে এ ঘটনা ঘটিয়েছেন বলে জানান।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে ইমনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, তিনি অসুস্থ ছিলেন। তবে হত্যাকাণ্ডের মূল কারণ কী, তা তাঁকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

প্রিন্ট

আরও সংবাদ