খুলনা | সোমবার | ২১ সেপ্টেম্বর ২০২৬ | ৬ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় ভ্যানে ফেলে যাওয়া যাত্রীর প্রায় পৌণে ৩ লাখ টাকা ফেরত দিলেন চালক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০৫:৩৫ পি.এম | ২১ সেপ্টেম্বর ২০২৬


সাতক্ষীরায় ভ্যানযাত্রীর হারিয়ে যাওয়া ২ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ফেরত দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক ভ্যানচালক। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ভ্যানচালক ওই টাকা ও মোবাইল ফোনটি সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর কাছে তুলে দেন। পরে পুলিশ প্রকৃত মালিককে শনাক্ত করে তার হাতে টাকা ও মোবাইল ফোনটি হন্তান্তর করে।

ভ্যানচালকের নাম মো. মিনারুল ইসলাম (৫২)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে। বর্তমানে তিনি সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের জেয়ালা গ্রামে স্থায়ীভাবে বসবাস করেন।

জানা যায়, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের বকুলতলা মোড় থেকে ওই ভ্যানচালকের ভ্যানে ওঠেন শহরের পলাশপোল এলাকার শামসুজ্জামান খান। বেশ কয়েকটি স্থানে ঘোরাঘুরির পরে পলাশপোল এলাকায় বাড়ির সামনের রাস্তায় পৌঁছে ২০ টাকা ভাড়া দিয়ে অন্যান্য মালামাল নিয়ে ভ্যান থেকে নেমে যান তিনি। এ সময় অসাবধানতাবশত ভ্যান চালকের ছিটের পিছনে হুকে ঝুলিয়ে রাখা একটি ব্যাগ ফেলে রেখে চলে যান তিনি। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দ্রæত ভ্যান চালিয়ে বাড়ি চলে যান মিনারুল ইসলাম। পরে বাড়িতে গিয়ে ভ্যানের সিটের পিছনে হুকে একটি ব্যাগ ঝোলানো দেখতে পান তিনি। পরে ব্যাগে হাত দিয়ে দেখেন তার মধ্যে রয়েছে দুইটি এক হাজার টাকার নোট ও একটি ৫০০ টাকার নোটের ব্যান্ডেল এবং একটি অ্যান্ড্রয়েড ফোন। রাতে বাড়ির কাউকে কিছু না জানিয়ে তিনি কৌশলে ভ্যানেই ব্যাগটা রেখে দেন। বিপুল পরিমাণ টাকা পাওয়ার পরও তিনি তা আত্মসাৎ না করে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন।

পরদিন সকালে উঠে তিনি ভ্যান নিয়ে শহরে আসেন এবং যাত্রী যেখানে নেমেছিল ওই রাস্তায় অনেক সময় ধরে ঘোরাঘুরি করে টাকার মালিকে না পেয়ে আবার বাড়ি ফিরে যান। শনিবার সকালে তিনি ওই টাকার ব্যাগ ধুলিহর বাজারে এক ব্যবসায়ীর কাছে জমা দেন। ওই ব্যবসায়ী ব্যাগ খুলে দেখেন তার মধ্যে রয়েছে ২ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। পরে রোববার সকালে ওই ব্যবসায়ী বিষয়টি শহরের একজন সাংবাদিককে অবহিত করেন।

একপর্যায়ে ওই সাংবাদিকের সহায়তায় রোববার রাতে ভ্যানচালক মিনারুল ইসলাম সদর থানায় গিয়ে টাকা ও মোবাইল ফোন অফিসার ইনচার্জ এর কাছে হস্তান্তর করেন। পরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান  যাচাই-বাছাই শেষে টাকা ও মোবাইল ফোনটি প্রকৃত মালিক শামসুজ্জামান খান এর কাছে বুঝিয়ে দেন।

ভ্যানচালকের এমন সততা ও মানবিকতায় প্রশংসা করেছেন স্থানীয়রা। তাদের মতে, বিপুল পরিমাণ টাকা পেয়েও তা নিজের কাছে না রেখে মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনা সমাজে সততার একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ