খুলনা | সোমবার | ২১ সেপ্টেম্বর ২০২৬ | ৬ আশ্বিন ১৪৩৩

এমপি নজরুলের বিষয়ে সংসদের চিঠির অপেক্ষায় আছে ইসি: সিনিয়র সচিব

খবর প্রতিবেদন |
০৫:৪২ পি.এম | ২১ সেপ্টেম্বর ২০২৬

 

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সদস্য পদ নিয়ে দুই মাসেও স্পিকারের কোনো চিঠি পায়নি ইসি সচিবালয়। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে এখনো সংসদ থেকে কোনো চিঠি আসেনি। চিঠি আসলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আজ সোমবার নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয় গাজী নজরুল ইসলামকে। এরপর তাঁর জাতীয় সংসদের সদস্য পদের বিষয়ে স্পিকারের সিদ্ধান্ত জানার অপেক্ষায় নির্বাচন কমিশন।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘জামায়াতে ইসলামী এ বিষয়ে চিঠি দিয়েছিল কিন্তু আইন অনুযায়ী সংসদ থেকে কোনো চিঠি না এলে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ ইসির নেই।’

তিনি আরও বলেন, ‘সংসদ সচিবালয় থেকে আমাদের জানানোর বিধান রয়েছে। এখনো চিঠি আসেনি, অপেক্ষা করতে হবে।’

সচিব জানান, সংসদ নির্বাচন ও গেজেট প্রকাশ পর্যন্ত ইসির কাজ রয়েছে। শপথ ও পরবর্তী বিষয়গুলো সংসদের এখতিয়ারে।

প্রিন্ট

আরও সংবাদ