খুলনা | মঙ্গলবার | ২২ সেপ্টেম্বর ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩

প্রিয় প্রাঙ্গণে শেষ ফেরা

অশ্রুভেজা ভালোবাসায় রূপসার গোয়াড়ার মাটিতে চিরঘুমে অধ্যক্ষ অজিত সরকার

রূপসা প্রতিনিধি |
০১:২৯ এ.এম | ২২ সেপ্টেম্বর ২০২৬


যে প্রাঙ্গণ মুখরিত থাকত তাঁর পদচারণায়, যেখানে কেটেছে জীবনের শ্রেষ্ঠ ও দীর্ঘ সোনালী দিনগুলো-জীবনের অন্তিম লগ্নে সেই প্রিয় বিদ্যাপীঠেই ফিরে এলেন তিনি; তবে জীবন্ত কোনো অভিভাবক হয়ে নয়, নিথর এক নিস্পন্দ দেহ হয়ে। প্রিয় শিক্ষক ও কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ অজিত সরকারের (৬০) এমন শেষ বিদায়ে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয় পুরো চত্বর জুড়ে। শ্রদ্ধা, ভালোবাসা আর বুকচাপা বেদনায় অশ্র“সিক্ত নয়নে প্রিয় শিক্ষককে চিরবিদায় জানিয়েছেন তাঁর সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা।
সোমবার দুপুরে যখন সাবেক অধ্যক্ষের মরদেহ তাঁর দীর্ঘদিনের কর্মস্থল কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পৌঁছায়, তখন সেখানে নেমে আসে শোকের স্তব্ধতা। প্রিয় মানুষটিকে শেষবারের মতো একনজর দেখতে ক্যাম্পাসে ভিড় জমান বর্তমান ও সাবেক শত শত শিক্ষার্থী, সহকর্মী এবং স্থানীয় অভিভাবকেরা। একসময়ের স্নেহশীল পথপ্রদর্শককে কফিনে বন্দি দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকেই; স্মৃতিচারণ করতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়ে উপস্থিত জনতা।
উল্লেখ্য, কিছুদিন আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন অজিত সরকার। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হলেও শেষ পর্যন্ত আর ফেরানো যায়নি; চিকিৎসাধীন অবস্থাতেই তিনি না- ফেরার দেশে পাড়ি জমান।
বিদ্যালয় প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ নিয়ে যাওয়া হয় ঘাটভোগ ইউনিয়নের গোয়াড়া গ্রামে তাঁর নিজ বাসভবনে। সেখানে মরদেহ পৌঁছালে স্বজন ও গ্রামবাসীদের আহাজারিতে পরিবেশ আরও ভারী হয়ে ওঠে। চোখের জলে এক অপরিসীম শূন্যতার সৃষ্টি হয় পুরো এলাকায়। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে বিকেলে গোয়াড়া গ্রামের পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন ও চিরসমাধিস্থ করা হয়।
প্রিয় শিক্ষকের এই শেষ বিদায়ে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক সরোজ হালদার, মোঃ মনিরুজ্জামান, হায়দার আলী, কৃষ্ণপদ রায়, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খান মেজবা উদ্দিন সেলিম, প্রভাষক সেলিম রেজা, খান মারুফুল হক, বাশির আহম্মেদ লালু, মিলন দেবনাথ, রতন ঘোষ, স্বপন কুমার বিশ্বাস, নজরুল ইসলাম মল্লিক, ফাল্গুনি মুখার্জি, অমলেন্দু বিশ্বাস, অনুপ কুমার পাল, তাজমা খাতুন, মোঃ কামরুজ্জামান, সঞ্চিতা গাইন, সহকারী শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, বিভাষ কুমার দাস, আসাদুজ্জামান সরদার, তুষার কান্তি দত্ত, খান জাহিদুল কবীর, মাওঃ ইমদাদুল হক, মোঃ আমিরুল ইসলাম, আঃ কাদের, সেকেন্দার আলী, কাকলি পাল, ললিতা রানী হালদার, গীতা রানী বিশ্বাস, আঃ কাদের শেখ, সীমা হালদার, হেমালতা বিশ্বাস, ভারতী দাস, প্রেমানন্দ অধিকারী, মীর আলী হোসেন, মিতালি মন্ডল, এসকে কুদরত আলী, বেল্লাল শেখ, মিজানুর রহমান, মহিউদ্দিন শেখ ও হেকমত আলী প্রমুখ।
এছাড়া বাসভবনে শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত হয়ে শোক ও শ্রদ্ধা জানান পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, বিএনপি নেতা মিকাইল বিশ্বাস, হিল্লোল মুখার্জি, প্রধান শিক্ষক চাঁদ সুলতানা, যশোমন্ত ধর, অমল নাথ শিকদার, সুদীপ্ত মহলী, পূর্নেন্দু মন্ডল, বিএনপি নেতা আরিফ মোল্লা, জহিরুল হক শারাদ, রাধাকান্ত শিকদার, শুকলা খাঁসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মজীবনের অমলিন স্মৃতি, শিক্ষকতার মহান আদর্শ আর হাজারো শিক্ষার্থীর হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হয়ে গোয়াড়ার মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন অধ্যক্ষ অজিত সরকার। তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিলেও, তাঁর আদর্শ ও শিক্ষার আলো অনন্তকাল বেঁচে থাকবে তাঁর অগণিত শিক্ষার্থীর হৃদয়ে।
 

প্রিন্ট

আরও সংবাদ